Monday, June 16, 2014

মুলারের হ্যাটট্রিকে জার্মানীর জয়

মুলারের হ্যাটট্রিকে জার্মানীর জয়

সোহেল সারোয়ার চঞ্চল
টমাস মুলারের হ্যাটট্রিকে দশজনের পর্তুগালকে ব্রাজিল বিশ্বকাপের অভিযানে নেমেই নাস্তানাবুদ করে ছাড়লো শিরোপা প্রত্যাশি জার্মানি। এ নিয়ে বিশ্বকাপের সাত খেলায় আট গোল করলেন গত বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকারটি। 

এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট জার্মানী। সাতবারের ফাইনালিস্ট ও ১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ সালের চ্যাম্পিয়ন হলেও জার্মানরা ১৮ বছর ধরে বড় কোন আসরের শিরোপা জিততে পারছিল না। তাদের সর্বশেষ অর্জন বলতে ১৯৯৬ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জয়। এ প্রেক্ষাপটেই ফুটবল বিশ্বে জার্মানীর সাথে পর্তুগালের খেলাটিকে ঘিরে বাড়তি আগ্রহ দেখা দিয়েছিল। কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হলো না। কেননা ব্রাজিলের সালভাদরের অ্যারিনা ফন্তে নোভায় গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত 'জি' গ্রুপের খেলাটিতে তিনবারের চ্যাম্পিয়নদের সাথে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদো নির্ভর পর্তুগাল।

সার্বীয় রেফারি মিলোরাদ মাজিচের সংশয় জাগানো পেনাল্টিতে শুরুতেই গোল হজম করে পর্তুগাল। মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো ডিফেন্ডার পেপে ৩৭ মিনিটে মুলারের মাথায় আঘাত করে লাল কার্ড পান। ফলে রোনালদোর দলের খেলায় ফেরার অবশিষ্ট সম্ভাবনাটুকুও শেষ হয়ে যায়। এরকম পরিস্থিতিতে ব্যবধান কমানোর লক্ষ্যেই খেলতে হয় তাদের। তাতে ব্যবধানটি চার গোলের মধ্যে রাখতে সক্ষম হয় রোনালদো বাহিনী। 

ফিফা র্যাংকিংয়ে শীর্ষ পাঁচে থাকা এই দুই দলের খেলায় ১২ মিনিটেই পেনাল্টি পায় জার্মানী। জোয়াও পেরেইরা মারিও গোয়েটজেকে ফাউল করলে মুলার পেনাল্টি মেরে দলকে এগিয়ে দেন। এরপর ৩২ মিনিটে হেডে ডিফেন্ডার ম্যাটস হামেল ব্যবধান দ্বিগুণ করেন। বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়টি অবশ্য ইনজুরিতে পড়ে খেলার শেষ দিকে মাঠ ছাড়তে বাধ্য হন। মুলার বিরতির ঠিক আগ মুহূর্তে নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৮ মিনিটে আরেক দফা গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিকটি। 

জার্মানদের প্রথমার্ধের নির্দয় খেলার কেন্দ্রভাগে ছিলেন মুলার। বিপক্ষের রক্ষণভাগে তার ক্ষিপ্রতা ছিল চোখে পড়ার মতো। জার্মান কোচ জোয়াকিম লো ৮২ মিনিটে মুলারকে তুলে নিলেও বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড গড়ার সম্ভাবনার মধ্যে থাকা স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে নামাননি। টানা দুটি বিশ্বকাপে কোচের ভূমিকায় থাকা জোয়াকিম সুযোগ দেন লুকাস পোডলস্কিকে। এদিকে খেলাটি উপভোগ করতে মাঠে ছিলেন খোদ জার্মান চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মার্কেল। 

বিশ্বকাপের বড় তারকাদের মধ্যে নেইমার, লিওনেল মেসি, রবিন ফন পার্সি, আরিয়ান রোবেনদের গোলের মধ্যেও রিয়াল মাদ্রিদ তারকাটিকে খালি হাতেই ফিরতে হয় নিজেদের প্রথম খেলাটি থেকে। তিনি অবশ্য গোটা দুই ফ্রি কিকে চেষ্টা চালিয়েছিলেন গোলের। কিন্তু জার্মান রক্ষণ প্রাচীরের বাধা টপকাতে পারেনি তার প্রয়াস। দলের চরম দুর্দশায় রোনালদোর পক্ষে এদিন আর কিছু করে দেখানো সম্ভব হয়নি তার পক্ষে। 

ঐতিহাসিকভাবে দল দুটির লড়াইয়ে জার্মানিই ছিল এগিয়ে। এর আগে তাদের মধ্যে হওয়া ১৭ খেলায় জার্মানি নয়টিতে ও পর্তুগাল তিনটিতে জয়ী হয়। ড্র হয় পাঁচটি খেলা।

The Daily Ittefaq

No comments:

Post a Comment