শীর্ষ সন্ত্রাসী শাহাদতের আশ্রয়ে ছিল নূর হোসেন
তারিক হাসান, কলকাতা প্রতিনিধি
জেরায় নূর জানিয়েছে, তার দুই সঙ্গী কলকাতায় রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেনের সঙ্গে নূর হোসেনের পরিচয় ছিল। শাহাদাত এক সময় কলকাতায় থাকত। যাদের সাহায্য নিয়ে সে কলকাতায় থাকত তাদেরই সহায়তায় নূর হোসেন কলকাতায় থাকতে শুরু করে। সে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিল। তার আগেই ধরা পড়ে যায়। নূর হোসেনের দুই সঙ্গীর পাশাপাশি শাহাদাতের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।
সূত্র জানায়, কৈখালী এলাকায় প্রচুর বাংলাদেশি থাকে। সেই সুযোগ নিয়েছিল নূর হোসেন। কিন্তু সন্দেহজনক আচরণ, কারো সঙ্গে কথা না বলা-ইত্যাদি কারণে প্রতিবেশীরা সন্দেহ করতে শুরু করে। এনআইএ-র গোয়েন্দারা নূর হোসেনের খোঁজে আসার পর সেই সন্দেহ আরো বেড়ে যায়। প্রতিদিন রাতে নূর হোসেনের ফ্ল্যাটে বসত মদের আসর। হই হুল্লোড় হতো। এতেও প্রতিবেশীদের নজর তার ওপর পড়ে। তারা জানতে পারেন এক বাংলাদেশি ইন্দ্রপ্রস্থ এপার্টমেন্টে থাকতে এসেছেন। কিন্তু নতুন প্রতিবেশী তাদের সঙ্গে কথা বলেন না। কেন? বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা তার খোঁজে এসে জানতে পারেন এই সব তথ্য। তারা নূর হোসেনের ওপর নজরদারি বাড়িয়ে দেয়।যদিও সরকারিভাবে নূরের বিষয়টি কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসকে এখনো জানায়নি পশ্চিমবঙ্গ সরকার। বাংলাদেশ উপ-দূতাবাস সূত্রে জানা গেছে, তারা বিষয়টি জেনেছেন মিডিয়ার মাধ্যমে। বিধাননগর পুলিশ জানিয়েছে, নূর হোসেন বাংলাদেশে খুন করেছেন, কি করেন নি - তা তাদের তদন্তের বিষয় নয়। তারা তদন্ত করে দেখছেন কেন নূর হোসেন কলকাতায় অবৈধ ভাবে থাকতে শুরু করলো? অন্য কোনো উদ্দেশ্য ছিল? জানতে জেরা করা হচ্ছে নূর হোসেনকে। জানার চেষ্টা হচ্ছে শাহাদাত কোথায় আছে?
নূর হোসেনকে ফিরিয়ে আনতে চিঠি
পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
পশ্চিমবঙ্গের কলকাতায় আটক নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনসহ তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, নূর হোসেনকে ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত সরকারকে চিঠি দেয়া হবে। দুই দেশের হাইকমিশনের মাধ্যমে এ চিঠি হস্তান্তর হতে পারে বলেও জানা যায়।
এর আগে সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলের মাধ্যমে দ্রুত নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠায়। গত রবিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নূর হোসেন ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই তাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনতে সক্ষম হবো। উল্লেখ্য, শনিবার রাতে কলকাতা-পুলিশ নূর হোসেন ও তার সহযোগীদের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে।
এদিকে নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সেখানকার আইনজীবীরা নূর হোসেনকে দ্রুত ফিরিয়ে আনার জন্য বিক্ষোভ করেছেন।

No comments:
Post a Comment