কলকাতায় নৃত্যাঞ্চলের নৃত্যনাট্য ‘মহুয়া’
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম নৃত্য সংগঠন নৃত্যাঞ্চল। নৃত্য শিল্পী তৈরিতে এ সংগঠনের ভূমিকা অন্যতম। শুধু শিল্পী তৈরি নয় দেশবিদেশের বিভিন্ন অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের নেতৃত্বে নৃত্য পরিবেশন করে দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসে। এরই ধারবাহিকতায় এবার কলকাতায় নৃত্য পরিবেশন করতে যাচ্ছে দেশের স্বনামধন্য এই প্রতিষ্ঠানের সদস্যরা। সংগঠন সুত্রে জানা গেছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আমন্ত্রণে বাংলাদেশের নৃত্য সংগঠন নৃত্যাঞ্চল আগামী ২৩ জুন কলকাতার লোকজ নৃত্যনাট্য ‘মহুয়া’ মঞ্চস্থ করবে। কলকাতার বিড়লা সভাগৃহ মিলনতায়তনে এ নৃত্যনাট্যটি পরিবেশিত হবে। নৃত্যনাট্যটির প্রধান তিনটি চরিত্রে রূপদান করবেন শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ ও বেলায়েত হোসেন। নৃত্য নাট্যটি গ্রন্থনা করেছেন মরহুম শহীদুল ইসলাম। নৃত্য পরিকল্পনা ও পরিচালনা করেছেন শামীম আরা নীপা। ‘মহুয়া’ নৃত্যনাট্যের শুরুতে দেখা যায় ঢোল, দোতারা, ডুগডুগির বাজনার সঙ্গে বাউলের বেশে সূত্রধর আসেন মঞ্চে। গোল হয়ে কাহিনী শুনতে বসেন শ্রোতার দল। বন্দনা গান শেষে সূত্রধর শুরু করেন বাংলা লোকসাহিত্যের কালজয়ী বিয়োগান্তক গীতি উপাখ্যান ‘মহুয়া’র গল্প। এরপরই পাল্টে যায় মঞ্চে দৃশ্য। মঞ্চে আসে এক বিশাল নৌকা। নৌকায় একদল বেদে। বেদের বহরের সঙ্গে এগিয়ে যায় নৃত্যনাট্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নৃত্যাঞ্চলের ২৫ সদস্য বিশিষ্ট শিল্পীর দল আগামী ২১ জুন কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিবে। অনুষ্ঠান শেষে আগামী ২৫ জুন তারা দেশে ফিরে আসবে।
http://www.allbanglanewspapers.com/janakantha.html
No comments:
Post a Comment