Tuesday, June 17, 2014

বেণীমাধব যখন আলিমুদ্দিন: একটি প্যারোডি

By Animesh Baidya
বেণীমাধব যখন আলিমুদ্দিন: একটি প্যারোডি

আলিমুদ্দিন, আলিমুদ্দিন, বিপ্লব কবে পাবো?
আলিমুদ্দিন, তুমি কি আর মানুষের কথা ভাবো?
আলিমুদ্দিন, বিপ্লব বাঁশি তমাল তরুমূলে
বাজিয়েছিলে, আমি তখন মাধ্যমিক ইস্কুলে।
ছোট থেকেই এসএফআই করি, শ্রেণী সংগ্রাম,
ভোটে তখন রিগিং করো, আগুনের নন্দীগ্রাম।
আমি তখন অবাক হই, লজ্জায় হই লাল,
আনলে কুমির আলিমুদ্দিন, কাটলে তুমি খাল।

আলিমুদ্দিন, আলিমুদ্দিন, আদর্শ তো ভালো,
ভাবনা জুড়ে জ্বলেছিল সমাজতন্ত্রের আলো।
তোমার জন্য এক দৌড়ে ব্রিগেড ময়দানে,
আলিমুদ্দিন, আমার বাবা কাজ করে দোকানে।
কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি,
দলে দলে প্রোমোটার আসলো ভুরি ভুরি।
আমি তখন শ্রেণী সংগ্রাম, আমি তখন লাল,
ধীরে ধীরে আলিমুদ্দিনের পাল্টে গেলো হাল।

আলিমুদ্দিন, আলিমুদ্দিন, এই কদিনের পরে,
সত্যি বলো, সে সব কথা এখনও মনে পড়ে?
সে সব কথা বলেছো কি পোলিট বুড়োটা-কে?
আমি দেখি বামের পাশে সুবিধাভোগী থাকে।
দেখেছিলাম আলোর নীচে, নিকষ সেই কালো,
স্বীকার করি দুজনেই হয়েছো জমকালো।
পুড়িয়ে দিলো চোখ আমার, ঘুরিয়ে দিলো চোখ,
বাড়িতে ফিরে বলেছিলাম শিক্ষা দেবে লোক।

রাতে এখন ঘুমোতে যাই স্বপ্ন ভাঙা ঘরে,
মেঝের পরে লাল পতাকা, একা গুমড়ে মরে।
আমার পরে যে কমরেড, চোরা পথের বাঁকে,
মিলিয়ে গেছে, জানি না কোন দলে সে থাকে।
আজ তো গেল, কাল কি হবে, কালের ঘরে শনি,
সব পাড়ারই দখল নেয় সবুজ দিদিমনি।
তবু আগুন, আলিমুদ্দিন, আগুন জ্বলে কই?
কেমন হবে আমিও যদি আজ বিজেপি হই?

http://www.guruchandali.com/blog/2014/06/12/1402589443399.html#.U5nQ8naZF9Y

No comments:

Post a Comment