Tuesday, May 13, 2014

ডিজেলের দাম বাড়ল ১.২৭ টাকা

ডিজেলের দাম বাড়ল ১.২৭ টাকা

Diesel
নয়াদিল্লি: ভোটের পালা মিটতে না মিটতেই ডিজেলের দাম বাড়াল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক৷ প্রতি লিটার ডিজেলের দাম ১.০৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর ফলে সোমবার মধ্যরাত্রি থেকে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ৬০.১১ টাকা থেকে বেড়ে ৬১.৩৮ টাকা (যুক্তমূল্য কর সমেত) হয়েছে৷ ডিজেলে ভর্তুকির পরিমাণ ৬ টাকার নিচে নেমে যাওয়ায় তা আর না বাড়ানোর যে প্রস্তাব কেন্দ্রীয় সরকার দিয়েছিল নির্বাচন কমিশন তা খারিজ করে দেওয়ায় জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক৷

ডিজেলের উপর থেকে ধীরে ধীরে ভর্তুকি তুলে নেওয়ার লক্ষ্যে ২০১৩-র জানুয়ারি থেকে প্রতি মাসে লিটার প্রতি ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ কিন্ত্ত, দেশের বাজারে মাসিক দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায়, ডিজেলে প্রদত্ত ভতুর্কির পরিমাণ লিটার প্রতি ৫.৪৯ টাকায় নেমে এসেছে বলে জানেয়েছিল তেল বিপণন সংস্থাগুলি৷ দু'মাস আগে ভর্তুকির পরিমাণ ৬ টাকার নিচে নেমে যাওয়ায় কিরীট পারিখ কমিটির সুপারিশ মেনে ডিজেলের দাম আর না বাড়ানোর প্রস্তাব দেয় কেন্দ্রীয় সরকার৷ ডিজেলের দাম নির্ধারণ সংক্রান্ত কিরীট পারিখ কমিটির সুপারিশ অনুযায়ী, ভর্তুকির পরিমাণ ৬ টাকার নীচে নেমে এলে দাম বাড়ানোর প্রয়োজন নেই৷ কিন্ত্ত, ইউক্রেণে সমস্যার জেরে তেলের দাম আবার বেড়ে গিয়েছে৷ দেশের বাজারে ডিজেলের দাম বাড়াতে না দেওয়ার ফলে তেল বিপণন সংস্থাগুলির ক্ষতির পরিমাণ (লিটার পিছু) ৬.৮০ টাকাতে পৌঁছেছে৷ আর সে কারণেই কেন্দ্রীয় সরকারের প্রস্তাব খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, 'প্রতি লিটার ডিজেলে ভর্তুকির পরিমাণ ৬.৮০ টাকায় দাঁড়িয়েছে৷ কাজেই কেন্দ্রীয় তেল মন্ত্রককে দাম বাড়ানো হবে কী না তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে৷'

প্রতি লিটার ডিজেলের দাম বাড়ানোর ফলে গত দু'মাসে সরকারের যে পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে তাও পূরণ করা সম্ভব হবে৷ সরকার এবং শিল্প সংস্থার আধিকারিকদের মতে, গত দু'মাস তেল মন্ত্রক দেশের তেল বিপণন সংস্থাগুলিকে ডিজেলের দাম বাড়াতে দেয়নি৷ কাজেই এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে তেল বিপণন সংস্থাগুলি ডিজেলের দাম অনেকটাই বাড়াবে৷

১২ মে ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পরে সরকার ডিজেলের দাম বাড়াক, তা সংশ্লিষ্ট কমিটির প্রধান কিরীট পারেখও চাইছিলেন৷ ভোটের কথা মাথায় রেখে পরপর দু'মাস ডিজেলের দাম না বাড়ানোয় সরকারের তীব্র সমালোচনাও করেন পারেখ৷ তিনি বলেন, 'এটা না করলে নতুন সরকারকে ক্ষমতায় এসে জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকির বোঝা বইতে হবে৷' ১৭ জানুয়ারি ২০১৩ থেকে এখন পর্যন্ত ১৫ দফায় প্রতি লিটার ডিজেলের দাম মোট ৯.৪২ টাকা বাড়ানো হল৷ 

No comments:

Post a Comment