Wednesday, May 14, 2014

গলছে দক্ষিণ মেরুর বরফ, সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি ১০ ফুট ছাড়িয়ে যেতে পারে

গলছে দক্ষিণ মেরুর বরফ, সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি ১০ ফুট ছাড়িয়ে যেতে পারে
দক্ষিণ মেরুর পশ্চিমাঞ্চলে সঞ্চিত বিশাল বরফের স্তূপ গলে যেতে শুরু করেছে এবং তা থামার কোন আশু লক্ষণ দেখা যাচ্ছে না। এ বিষয়ে সমীক্ষা চালিয়ে বিজ্ঞানীদের দুটো গ্রুপ রিপোর্টটি দিয়েছে। বলা হয়েছে, গলন প্রক্রিয়া বন্ধ করা সম্ভব না হলে দক্ষিণ মেরুর আইস শিট বা বরফ আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। এ থেকে ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ ফুট বা তারও বেশি হতে পারে বলে রিপোর্টে সতর্ক করে দেয়া হয়েছে। ইন্টারন্যাশনাল নিউইউর্ক টাইমস।
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উঞ্চতা বৃদ্ধির নেপথ্যে মনুষ্য সৃষ্ট কারণই প্রধান, তবে এ ছাড়া অন্য কারণও রয়েছে। তারা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার একুশ শতকে খুব বেশি বাড়বে না তবে পরবর্তী শতকগুলোর জন্য এটি ভয়াবহ আকারে দেখা দিতে পারে। সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি তখন ১০ ফুট বা তারও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ ও বিমান উড্ডয়ন সংস্থার (নাসা) মেরুর বরফ কর্মসূচী গবেষক টমাস পি ওয়েনার বলছেন, ‘এটি বাস্তবেই ঘটবে। এ প্রক্রিয়া বন্ধের কোন উদ্যোগ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না।’ বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স এ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে সোমবার এ সম্পর্কিত দুটো সমীক্ষা পত্র প্রকাশিত হয়েছে। উভয়টিতে দক্ষিণ মেরুর বরফ আচ্ছাদন দ্রুত গলে যাওয়ার ব্যাপারে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।
সমীক্ষায় বলা হয়েছে, যা ভাবা হতো তার চেয়ে দ্রুতগতিতে ক্ষয়ে যাচ্ছে এই বরফ। এ নিয়ে কয়েক দশক ধরে বিজ্ঞানীরা সতর্কবাণী উচ্চারণ করে এলেও এই প্রথম এ সম্পর্কিত দুটো বিস্তারিত সমীক্ষা প্রকাশিত হলো। এ বিষয়ে সোমবার নাসা একটি টেলিফোন কনফারেন্সিংয়ের আয়োজন করে। দক্ষিণ মেরুর পশ্চিমাঞ্চলীয় বরফ আচ্ছাদনটি অনেকটা বাটির আকৃতির। সমুদ্রের পানির নিচেও অনেকদূর পর্যন্ত এর বিস্তৃতি। গ্রিনহাউস গ্যাসের প্রতিক্রিয়ায় উষ্ণ সমুদ্রস্রোত এখন এই অংশে নিয়মিত আঘাত হানছে। বাটির আকৃতির বরফের প্রান্ত যত হ্রাস পায় এর ভেতরে ততই উষ্ণ পানি অনুপ্রবেশ করে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এরিক রিগনটের নেতৃত্বে আরেক দল গবেষক যে সমীক্ষা চালিয়েছেন তারা উপগ্রহ ও প্লেন থেকে তোলা ছবি বিশ্লেষণ করে বরফ ক্ষয়ে যাওয়ার গতি পরিমাপ করার চেষ্টা করেছেন। তারা বলছেন, দক্ষিণ মেরুর অংশ বিশেষে বরফ ক্ষয়ে চলার প্রক্রিয়াটি দ্রুতগতিতে চললেও সামগ্রিকভাবে পুরো মেরু এলাকায় আইস শিটের ফলে নড়বড়ে হয়ে যাচ্ছে।

No comments:

Post a Comment