Wednesday, May 14, 2014

চোখের জলে মনমোহনকে বিদায় জানালেন তাঁর স্টাফরা

চোখের জলে মনমোহনকে বিদায় জানালেন তাঁর স্টাফরা
চোখে জল এসে গিয়েছিল অনেকেরই। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর অফিসের কর্মীরা সবাই উঠে দাঁড়িয়ে অন্তরের অভিবাদন জানালেন। বিদায়ী প্রধানমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেয়ার পর চোখের জল মুছতে দেখা গেল এক পদস্থ আধিকারিককে। প্রধানমন্ত্রীর দফতরের প্রায় ১১০ কর্মী মঙ্গলবার সমবেত হয়েছিলেন সাউথ ব্লকে। পিএমওর করিডরে। এক দশক প্রধানমন্ত্রীর পদে থাকার পর বিদায় নিচ্ছেন তিনি। শুক্রবার লোকসভা নির্বাচনের ফল। পরদিনই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁর হাতে বর্তমান কেন্দ্রীয় সরকারের পদত্যাগপত্র তুলে দেবেন মনমোহন। তার আগে ১৭ মে সকালে প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার শেষ বৈঠকটি করবেন। এদিন তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করেছিলেন তাঁরই দফতরের কর্মীরা। মনমোহনের সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, প্রধান সচিব পুলক চ্যাটার্জি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা টি কে এ নায়ার এবং তাঁর মিডিয়া উপদেষ্টা পঙ্কজ পচৌরি। মনমোহন সিং তাঁর কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ। ঈশ্বর আপনাদের ভাল করুন।’ ইউপিএ সরকারের গত ১০ বছরে যেসব আধিকারিক সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তাঁদের অনেককেই আড়ালে চোখ মুছতে দেখা গেল। এই অনুষ্ঠানে কিছু টিভি ক্যামেরা ও চিত্র সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। আজকাল অনলাইন

পশ্চিমবঙ্গে ভোটের নামে প্রহসন হয়েছে ॥ বিমান বসু
গণতন্ত্র রক্ষার লড়াইয়ে রাস্তায় নেমে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ ভোটকে এই রাজ্যে প্রহসনে পরিণত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাওড়ায় এক মিছিলে অভিযোগ করে বললেন পশ্চিমবঙ্গ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস গুন্ডামি, হামলা, সন্ত্রাস চালিয়ে নির্বাচনে জিততে চেয়েছে। ওরা গণতন্ত্রকে প্রহসনে পরিণত করে এই রাজ্যে সবকটি আসনেই যে কোনও প্রকারে জিততে চাইছে। প্রতিবাদে আমাদের সোচ্চার হয়ে আন্দোলনে নামতে হবে। রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। আন্দোলন শুরু হলো। আগামী দিনে রাজ্যজুড়ে আন্দোলন চলবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। তিনি বলেন, সোমবার ভোটের দিন তৃণমূলীদের হামলায় চাকদার কল্যাণীতে একজন খুন হলেন। সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment