Tuesday, May 13, 2014

নাইজিরিয়ায় অপহৃত ছাত্রীদের খোঁজে যুক্তরাষ্ট্রের বিমান মিশন

নাইজিরিয়ায় অপহৃত ছাত্রীদের খোঁজে যুক্তরাষ্ট্রের বিমান মিশন
নাইজিরিয়ায় অপহৃত দুই শতাধিক স্কুল ছাত্রীর অনুসন্ধানে বিমানে নজরদারি মিশন শুরু করছে যুক্তরাষ্ট্র। নাইজিরিয়ায় ওয়াশিংটন এ তথ্য প্রকাশ করেছে। বোকো হারাম জঙ্গী গোষ্ঠী ওই মেয়েদের অপহরণ করে। খবর বিবিসি অনলাইনের।
কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র নাইজিরীয় সরকারের সঙ্গে বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র গ্রহণেও অংশ নিচ্ছে। জঙ্গীরা প্রায় একশ’ ৩০ অপহৃত মেয়ের একটি ভিডিও প্রকাশ করার পর মিশনটি পাঠানো হয়। জঙ্গীরা বলেছে, বোকো হারাম সদস্যদের ছেড়ে দিলেই এই মেয়েদেরকে মুক্তি দেবে তারা। গত ১৪ এপ্রিল উত্তরাঞ্চলীয় বোর্ণো অঙ্গরাজ্যের একটি স্কুল থেকে বোকো হারাম তাদের অপহরণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র প্রশাসন কর্মকর্তা বলেছেন, ‘আমরা নাইজিরীয় সরকারের সঙ্গে বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র গ্রহণে অংশ নিয়েছি এবং সরকারের অনুমতিতে নাইজিরিয়ায় গোয়েন্দাসহ বিমান পাঠিয়েছি।‘ এদিকে, মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩০ সদস্যের একটি দল অপহৃত স্কুল ছাত্রীদের খুঁজে বের করার সহায়তা করতে নাইজিরিয়াতে রয়েছে। ওয়াশিংটনে বিবিসির সংবাদদাতা রজিনি বৈদ্যনাথন বলেছেন, নাইজিরিয়ায় কি ধরনের বিমান মোতায়েন করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রে এ ধরনের কাজে যে সকল অত্যাধুনিক বিমান ব্যবহার করে সেগুলোর সঙ্গে বিস্তৃত দূরত্বে মোবাইল ফোন ও টেলিযোগাযোগ সংযোগের সুবিধা থাকে। অন্য কর্মকর্তারা বলেছেন, স্কুল ছাত্রীদের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র মনুষ্যবিহীন ’ড্রোন’ বিমানটি মোতায়েনের কথা বিবেচনা করেছে।

No comments:

Post a Comment