Monday, May 12, 2014

মোদীর সৌজন্যে লাভ সব পক্ষেরই

মোদীর সৌজন্যে লাভ সব পক্ষেরই

ই সময়: ভোটে জিতুন বা নাই জিতুন, নরেন্দ্র মোদীর সৌজন্যে লাভবান হয়েছেন বিজেপি, কংগ্রেস, এনসিপি, টিডিপি, এমএনএস সহ প্রায় সব দলেরই বেশ কিছু প্রার্থী৷ 

ভোটের দিন ঘোষণা থেকে শুরু করে গত তিন মাসে শেয়ার বাজারের উত্থান লক্ষ্যণীয়৷ নরেন্দ্র মোদী কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করবেন এই আশায় রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে ২২ শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ২৩ শতাংশ, এনএনআইটি ও সিইএসসি-র ১৪ শতাংশ করে৷ আরপিজি লাইফসায়েন্সের শেয়ার দর এক লাফে বেড়েছে ৫০ শতাংশ৷ ১০-৩০ শতাংশ হারে বেড়েছে ইন্ডিয়াবুলস পাওয়ার, এডেলওয়েইস, রিলায়েন্স পাওয়ার, এইচডিএফসি ব্যাঙ্ক ও জিএমআর ইনফ্রার শেয়ারদর৷ শুক্রবার সেনসেক্স এবং নিফটি প্রায় তিন শতাংশ লাফিয়ে বন্ধ হয়৷ 

এর ফলে, লাভবান হয়েছেন বহু ভোটপ্রার্থী৷ নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, দেশের বড় বড় সংস্থাগুলির শেয়ারে মোটা বিনিয়োগ রয়েছে এমন প্রার্থীদের সংখ্যা খুব বেশি না হলেও, নেহাত্‍ কম নয়৷ যেমন, অভিনেতা পরেশ রাওয়াল এবার আমেদাবাদ পূর্ব কেন্দ্র থেকে লড়ছেন বিজেপির টিকিটে৷ তাঁর কাছে রিলায়েন্সের ৪৫ লক্ষ টাকার ও টাটা স্টিলের ২০ লক্ষ টাকার শেয়ার রয়েছে৷ এ ছাড়া, রয়েছে টিসিএস-সহ বিভিন্ন সংস্থার শেয়ার৷ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ৪৩ লক্ষ টাকার শেয়ার রয়েছে তাঁর স্ত্রী স্বরূপের৷ 

মুম্বই সেন্ট্রালের বিজেপি প্রার্থী পুণম মহাজনের স্বামী বাজেন্ডলারও ভালো বিনিয়োগ রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়াবুলস পাওয়ার, কিংফিশার এয়ারলাইন্স, টিসিএস, রিলায়েন্স পাওয়ার ও আইডিয়া সেলুলার সহ বিভিন্ন সংস্থার শেয়ারে৷ শেয়ারবাজারে নথিভুক্ত নয় এমন বহু সংস্থায় অংশীদারিত্ব রয়েছে পুণমেরও৷ 

কংগ্রেসের মিলিন্দ দেওরা ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারও লাভ হয়েছে এই মোদী হাওয়ায়৷ মিলিন্দের স্ত্রী পুনমের মোটা টাকার বিনিয়োগ রয়েছে ডিসম্যান ফার্মা, মুক্তা আর্টস, এনএনআইটি, ওবেরয় রিয়েলটি ও অ্যাডল্যাবস ফিল্মের মতো শেয়ারবাজারে নথিভুক্ত ন'টি সংস্থায়৷ নিবাচন কমিশনকে দেওয়া হলফনামা অনুযায়ী, জ্যোতিরাদিত্যের নিজের নামে কোনও শেয়ার নেই৷ কিন্ত্ত তাঁর মেয়ে অনন্যা রাজের বিনিয়োগ রয়েছে সিইএসসি, সিএমসি, গ্রিভস কটন, হিক্যাল, জেপি কেমিক্যালস, আরপিজি লাইফ সয়েন্সেস, সিন্টেক্স ও জেনসার টেক সংস্থাগুলির শেয়ারে৷ শেয়ারবাজারে নথিভুক্ত সংস্থাগুলিতে অনন্যার মোট বিনিয়োগের পরিমাণ ৮ লক্ষ টাকা৷ 

কংগ্রেসের গুরুদাস কামাথ লড়ছেন মুম্বই উত্তর কেন্দ্র থেকে৷ তাঁর স্ত্রীর শেয়ার রয়েছে এডেলওয়েইস ফিনান্সিয়াল সার্ভিসেস, ফ্যাক্টর অ্যালয়, রেলিগেয়ার এন্টারপ্রাইজেস ও ঋষি লেজারে৷ 

ইউপিএ জোটে থাকা এনসিপি-র প্রধান শরদ পাওয়ারের মেয়ে তথা বারামতীর সাংসদ সুপ্রিয়া সুলের লগ্নি রয়েছে ৮০টিরও বেশি সংস্থায়৷ এই সংস্থাগুলির তালিকায় রয়েছে ইউনাইটেড ব্রিউয়ারিজ, আদানি এন্টারপ্রাইজ, কোল ইন্ডিয়া, ব্রিটানিয়া, ডিএলএফ, হিন্দুস্তান ইউনিলিভার, কিংফিশার এয়ারলাইন্স এবং র্যানব্যাক্সি৷ তাঁর স্বামী সদানন্দ সুলের বিনিয়োগ রয়েছে ১০০টিরও বেশি সংস্থায়৷ চলচ্চিত্র পরিচালক তথা মুম্বই উত্তর-পূর্ব কেন্দ্রের এমএনএস প্রার্থী মহেশ মঞ্জরেকরের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড কর্পোরেশন ও জিএমআর ইনফ্রার শেয়ার রয়েছে৷ ওই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির কিরীট সোমাইয়ার শেয়ার রয়েছে জিই শিপিং, প্রিসিশন ইলেকট্রনিক্স, পিপাভভ ডিফেন্স, নেটওয়ার্ক টিভি ১৮ মিডিয়া ও সাংভি ফর্জিংয়ে৷ 

ইনফোসিসের ভূতপূর্ব বোর্ড সদস্য ও ব্যাঙ্গালোর সেন্ট্রালের আম আদমি পার্টির প্রার্থীর ভি বালকৃষ্ণণের মোট সম্পদের পরিমাণ ১৯০ কোটি টাকা, যার বেশিরভাগই ইনফোসিসের শেয়ার৷ ওই সংস্থায় তাঁর ১০৩ কোটি টাকার শেয়ার রয়েছে৷ আরও ৫.২৬ কোটি টাকার বিনিয়োগ রয়েছে সংস্থার আমেরিকান ডিপোজিটরি রিসিপ্টে৷ 

ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্যাঙ্গালোর দক্ষিণের কংগ্রেস প্রার্থী নন্দন নিলেকানি ও তাঁর স্ত্রী রোহিনী নিলেকানির ৭,৭০০ কোটি টাকার শেয়ারের ৮০ শতাংশই ইনফোসিসের৷ 

তেলুগু দেশম পার্টির গুন্টুরের প্রার্থী ও আমারা রাজা ব্যাটারির ম্যানেজিং ডিরেক্টর জয়দেব 'জয়' গাল্লার ৩,৫০০ কোটি টাকার সম্পত্তি আছে৷ নিজের সংস্থার ১.২৮ কোটি টাকার শেয়ার ছাড়াও অন্ধ্র ব্যাঙ্ক, এলকেপি ফিনান্স ও পদ্মালয় টেলিফিল্মের শেয়ার রয়েছে৷ 

ভোটের ফল জানা যাবে ১৬ মে৷ তার আগেই এঁরা সকলেই লাভবান হয়ে গেলেন শেয়ারে বাজারে মোদী হাওয়ায় ভেসে৷ 

No comments:

Post a Comment