Wednesday, May 14, 2014

অপহৃত ছাত্রীদের মুক্তি নিয়ে বোকোহারামের সঙ্গে আলোচনায় রাজি নাইজিরিয়া

অপহৃত ছাত্রীদের মুক্তি নিয়ে বোকোহারামের সঙ্গে আলোচনায় রাজি নাইজিরিয়া
নাইজিরিয়ার সরকার ঘোষণা করেছে, ইসলামী জঙ্গীগোষ্ঠী বোকোহারামের হাতে অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রীর মুক্তির ব্যাপারে তারা সংগঠনটির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।
বোকোহারামের সঙ্গে কথা বলার উপায় বের করার জন্য প্রেসিডেন্ট গুডলাক জোনাথন একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির প্রধান বলছেন, এই আলোচনার ব্যাপারে বোকোহারাম যদি আন্তরিক হয়, তাহলে তাদের উচিত এ জন্য একটি দল পাঠানো। প্রায় চার সপ্তাহ আগে নাইজিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি স্কুল থেকে এই স্কুলছাত্রীদের অপহরণ করে ইসলামপন্থী গোষ্ঠী বোকোহারাম, যারা পশ্চিমা শিক্ষার বিরোধী। বোকোহারাম এর আগে বলেছিল কর্তৃপক্ষ যেসব জঙ্গীকে আটক করে রেখেছে তাদের ছেড়ে দিলে এই স্কুলছাত্রীদের মুক্তি দেয়া হবে। অপহৃত মেয়েদের মুক্তির বদলে তাদের আটক যোদ্ধাদের মুক্তি দিতে মঙ্গলবার দেয়া বোকোহারামের এই শর্ত সঙ্গে সঙ্গে কার্যত নাকচ করে দেয় নাইজিরিয়ার সরকার। কিন্তু একদিন পরই আবার সরকার ভিন্ন কথা বলছে। নাইজিরিয়ার একজন প্রভাবশালী মন্ত্রী তানিমু তরাকি বিবিসিকে বলেন, বোকোহারাম যদি বন্দী বিনিময়ের ব্যাপারে আন্তরিক হয়, তাহলে সরকারও তার জন্য প্রস্তুত। ‘আবুবকর শেকাউ এখন খোলাখুলি বলুক, এরা আমার প্রতিনিধি, সরকার এদের সঙ্গে কথা বলুক। সরকারের সংশ্লিষ্ট কমিটি তখন তাদের সঙ্গে বসে এই অপহৃত মেয়েদের বিষয়সহ সব বিষয়ে কথা বলবে।’ তানিমু তরাকি, নাইজিরীয় মন্ত্রী তিনি বোকোহারামের নেতা আবুবকর শেকাউকে উদ্দেশ করে বলেন, তার এখন উচিত তার বিশ্বস্ত কোন প্রতিনিধিকে সরকারের কাছে পাঠানো। নাইজিরিয়ার ওই মন্ত্রী বলছেন, ‘আবুবকর শেকাউ এখন খোলাখুলি বলুক, এরা আমার প্রতিনিধি, সরকার এদের সঙ্গে কথা বলুক। সরকারের সংশ্লিষ্ট কমিটি তখন তাদের সঙ্গে বসে এই অপহৃত মেয়েদের বিষয়সহ সব বিষয়ে কথা বলবে।’ অপহৃত মেয়েদের উদ্ধারে সরকার সামরিক অভিযানের পথে যেতে পারে, এ ধরনের ধারণা নাকচ করে দেন নাইজিরিয়ার ওই মন্ত্রী। মেয়েদের একটি স্কুলে হামলা চালিয়ে আড়াইশরও বেশি মেয়েকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও প্রতিবাদের মুখে গত সোমবার বোকোহারাম এই মেয়েদের নিয়ে করা একটি ভিডিও চিত্র ছেড়ে শর্ত দেয় তাদের মুক্তির বিনিময়ে গোষ্ঠীর আটক সদস্যদের মুক্তি দিতে হবে। আমেরিকা, ব্রিটেনসহ বেশ কটি দেশ এখন এই মেয়েদের অবস্থান শনাক্ত করার কাজে নাইজিরিয়াকে সহায়তা করছে। ইতোমধ্যে নাইজিরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথান উত্তর পূর্বের ওই এলাকায় জরুরী অবস্থার মেয়াদ আরও বাড়ানোর প্রস্তাব করেছেন। -বিবিসি অনলাইন

No comments:

Post a Comment