Tuesday, May 13, 2014

মোদিকে ক্ষমতার বাইরে রাখুন মায়াবতী, মুলায়ম ও মমতার প্রতি সোনিয়ার জরুরী আহ্বান

মোদিকে ক্ষমতার বাইরে রাখুন
মায়াবতী, মুলায়ম ও মমতার প্রতি সোনিয়ার জরুরী আহ্বান
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী পদে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদিকে ক্ষমতার বাইরে রাখতে উত্তর প্রদেশের মুলায়ম সিং যাদব ও মায়াবতী এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর প্রতি জরুরী আহ্বান জানিয়েছেন।
ভারতে লোকসভার নির্বাচনপরবর্তী জরিপ অন্তত সামান্য মাত্রায় ভুল হবে এবং এনডিএর আসন সংখ্যা অর্ধেক সীমার চেয়ে কম হবে- এ আশা করে কংগ্রেস কোনক্রমে এক সরকার গঠনের শেষ চেষ্টা চালাচ্ছে। জানা যায়, কংগ্রেস এনডিএ বিজেপিকে সরকার গঠন করা থেকে বিরত রাখার লক্ষ্যে ‘সমমনা’ দলগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। সে জন্য কংগ্রেসের মনে প্রথমে যে তিনজনের নাম এসেছে তারা হলেন মায়াবতী, মুলায়ম সিং যাদব এবং মমতা ব্যানার্জী। খবর ফার্স্টপোস্টের।
ইকোনমিক টাইমসের এক খবরে বলা হয়, কংগ্রেস সভানেত্রী এক সপ্তাহেরও বেশি সময় আগে মমতা ব্যানার্জীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। একই খবরে বলা হয়, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বিএসপি প্রধান মায়াবতী এবং সমাজবাদী পার্টির (এসপি) প্রধান মুলায়ম সিং যাদবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
অঙ্কের হিসাব কংগ্রেসের অতি আশার সঙ্গে কি মিল খায়? সিএনএন-আইবিএন-সিএসভিএস জরিপে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি ১৩ থেকে ১৭টি এবং বিএসপি ১০ থেকে ১৪টি আসন পাবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়। যদি বিএসপি মধ্য প্রদেশে দুটি আসন পেতে পারে, তবে দলটির আসন সংখ্যা ১৬তে দাঁড়াতে পারে। এতে দুটি উত্তর প্রদেশভিত্তিক দলের আসন সংখ্যা ৩২-৩৬-এর কাছাকাছি দাঁড়ায়। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ২৫ থেকে ৩১টি আসন পেতে পারে। যদি কংগ্রেস মমতা-মুলায়ম ও মায়াবতীকে নিজের পক্ষে আনতে এবং তাদের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসা করতে পারে তা হলে কংগ্রেসের আসন সংখ্যার সঙ্গে প্রায় ৬০টি আসন যোগ হতে পারে। ইউপিএ যদি জরিপে দেখানো সর্বোত্তম ফল ১৩৫টি আসন পায়, তা হলেও ঐ হিসাব কংগ্রেসের আশার সঙ্গে মিল খাবে না, যদি না তৃতীয় ফ্রন্ট বা ফেডারেল ফ্রন্ট মোদিকে ক্ষমতার বাইরে রাখতে এগিয়ে আসে।
এসব তৃতীয় ফ্রন্ট দলকে বেশিরভাগ জরিপে ‘অন্যান্য’ শ্রেণীতে ফেলা হয়েছে। তারা একত্রে ১৩০ থেকে ১৫০টি আসন পেতে পারে।
এতদ্সত্ত্বেও ইকোনমিক টাইমস জানায়, বিজেপি বিরোধী সবচেয়ে বড় দল হিসেবে কংগ্রেস ইউপিএর বাইরের দলগুলোর সঙ্গেও যোগাযোগ করছে। মোদি ও বিজেপিকে ক্ষমতার বাইরে রাখার এক ন্যূনতম সমঝোতার গড়ে তোলার লক্ষ্যে তা করা হচ্ছে। মমতা অতীতে ইউপিএ সরকারের মিত্র ছিলেন। উত্তর প্রদেশের দুই প্রতিদ্বন্দ্বী দল এসপি ও বিএসপি কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে বাইরে থেকে সমর্থন দেয়, যদিও কখনও একযোগে সেরূপ সমর্থন দেয়া হয়নি।

No comments:

Post a Comment