Monday, May 12, 2014

বিজেপির উত্থান সত্ত্বেও রাজ্যে এগিয়ে মমতাই, দেশে মোদী

বিজেপির উত্থান সত্ত্বেও রাজ্যে এগিয়ে মমতাই, দেশে মোদী
Mamta-WB
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার বিকেল ৬টায় শেষ হল লোকসভা নির্বাচনের শেষ পর্ব। এদিন রাজ্যে ভোটদানের হার ৮০.২৬ শতাংশ ভোট পড়েছে। উপ নির্বাচন কমিশনার বিনোদ জুত্‍‌সি জানিয়েছেন, শান্তিতেই সমাপ্ত হয়েছে শেষ দফার ভোট। তবে কিছু অভিযোগ জমা পড়ার কথাও তিনি জানান। অভিযোগগুলি আগামিকাল খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

ভোট শেষ হতেই বুথ ফেরত্‍ সমীক্ষায় নামে বিভিন্ন সংবাদ মাধ্যম। টাইমস নাও-ও আরজি-র সমীক্ষা অনুসারে, রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ২০টি আসন, বামেরা পাবে ১৫টি আসন, কংগ্রেসের ঝুলিতে আসছে ৫টি এবং বিজেপি জিততে চলেছে ২টি আসনে। আবার এবিপি আনন্দ-এ সি নিয়েলসেন-এর করা সমীক্ষা বলছে, তৃণমূল জিতবে ২৪টি আসনে, বামেরা পাবে ১২টি আসন, কংগ্রেস ৫টি ও বিজেপি ১টি আসনে জিতবে। তবে সিএনএন-আইবিএন-এর সমীক্ষা বলছে, রাজ্যে মোট ৩১টি আসন জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে টুডে'জ চাণক্যের করা সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূলের জয়ের সম্ভাবনা ২৫টি আসনে, বিজেপির ৮টি আসনে এবং বামেরা জিততে পারেন ৪টি আসন। 

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ২০০৯ সালের তুলনায় ভোট কমলেও রাজ্যজুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের আধিপত্য অটুট থাকছে। অন্যান্য সংস্থার সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, কোচবিহার, বালুরঘাট, রায়গঞ্জ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্বাপুর, বোলপুর, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল, বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম, বারাসত, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, তমলুক, কাঁথি, ঘাটাল কেন্দ্রগুলি নিজেদের কব্জায় রাখতে সফল হবে ঘাসফুল শিবির। 

অন্যদিকে, প্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠিত ঘাঁটি বলে পরিচিত জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং মালদা উত্তর ও দক্ষিণ আসনগুলি ধরে রাখতে চলেছে কংগ্রেস।

নরেন্দ্র মোদীর ক্যারিশমা যে বাংলার মানুষকে বিশেষ প্রভাবিত করবে, তেমনটা হয়তো আশা করেনি রাজ্যের পদ্ম শিবিরও। তবু একটি আসনে তাদের জয় নিশ্চিত বলে জানাচ্ছে বুথ ফেরত সমীক্ষা। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন পেয়ে সম্ভবত দার্জিলিং আসনটি এবারও ধরে রাখেছে বিজেপি। 

তৃণমূলের একচেটিয়া সাফল্যের পাশে তুলনায় যথেষ্টই ম্লান বামেরা। বুথ ফেরত মানুষ জানাচ্ছেন, রাজ্যে সাকুল্যে তিনটি আসন পেতে চলেছেন তাঁরা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও বসিরহাট আসনে জয়লাভ করতে পারেন বাম প্রার্থীরা, জানাচ্ছে অন্যান্য সমীক্ষা। 

সর্বভারতীয় ক্ষেত্রে, উত্তর-পূবের রাজ্যগুলিতে প্রায় তুল্যমূল্য লড়াই চলবে ইউপিএ ও এনডিএ জোটের মধ্যে। টাইমস নাও-ও আর জি সমীক্ষা অনুযায়ী, অসমে ১৪টি আসনের মধ্যে ৫টি পেতে চলেছে কংগ্রেস এবং ৮টিতে জেতার সম্ভাবনা বিজেপির। অরুণাচল প্রদেশে দু'টি আসনের একটি যাচ্ছে কংগ্রেসের পক্ষে, অন্যটি বিজেপির। মণিপুরের দু'টি আসনই পেতে চলেছে কংগ্রেস। মেঘালয়ের ২টি আসনের একটি কংগ্রেস এবং অন্যটি এনপিপি পেতে চলেছে বলে সমীক্ষায় জানা গিয়েছে। মিজোরামের একমাত্র লোকসভা আসনটি পাওয়ার সম্ভাবনায় এগিয়ে কংগ্রেস। 

পূর্ব ভারতে বিহারের ৪০টি আসনের ফলাফলের সমীক্ষা রিপোর্ট জানা গিয়েছে। এই রাজ্যে বিজেপি জিততে চলেছে ২৮টি আসনে। সংযুক্ত জনতা দলের ঝুলিতে আসতে চলেছে ১০টি আসন। অন্যদিকে, কংগ্রেস ২টি আসনে জিতলেও লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের ভাঁড়ার এবার শূন্য থাকবে বলে জানিয়েছে টাইমস নাও-ওআরজি-র সমীক্ষা 

তবে ওডিশায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চলেছেন নবীন পট্টনায়ক। তাঁর নেতৃত্বে বিজেডি পেতে চলেছে মোট ১৫টি আসন। পাশাপাশি বিজেপি ১টি ও কংগ্রেস ৫টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হবে বলে মনে করা হচ্ছে। 

পশ্চিমবঙ্গের ভোট সমীক্ষার হিসেব ধরলে গোটা পূর্ব ভারতে ইউপিএ ১৮টি, এনডিএ ৩৮টি এবং অন্যান্যরা মোট ৬১টি আসন পাবে বলে টাইমস নাও-ওআরজি-র সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছে। 

পাশাপাশি, ৫৪৩টি আসনের মধ্যে মোট ৩২২টি আসনের বুথ সমীক্ষা করেছে এবিপি আনন্দ-এসি নিয়েলসেন। এই সমীক্ষা অনুযায়ী, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৫১টি আসন পেতে চলেছে ইউপিএ জোট, ১৯৯টি আসন পেতে চলেছে এনডিএ জোট, তিনটি আসন পেতে পারে আম আদমি পার্টি এবং অন্যান্যরা জিতবে ৬৯টি আসনে।

No comments:

Post a Comment