এবার কাশীপুরে তৃণমূলের বাইক বাহিনীর 'হামলা', গুরুতর জখম সিপিএম নেতা
বেলঘরিয়া, বেলেঘাটার পর এবার কাশীপুর৷ ফের আক্রান্ত সিপিএম৷ রাজ্যে শেষ দফার লোকসভা ভোটের মাত্র ২৪ ঘন্টা আগে কাশীপুর লোকাল কমিটির সম্পাদক কল্যাণ সমাদ্দারকে বেধড়ক মারধর করা হয়৷ তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে৷ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কল্যাণ সমাদ্দার৷
পরিবার সূত্রে খবর, এদিন সকালে বাড়ির কাজেই তিনি বাইরে বোরোন। এরপর রতন বাবু রোডে দলের লোকাল কমিটির অফিসে বসেছিলেন। হাসপাতালে কল্যাণবাবু জানিয়েছেন, পার্টি অফিসে যখন তিনি ও দলের অন্যান্য কর্মীরা বসেছিলেন তখন তৃণমূলের বাইক বাহিনী তাঁদের ওপর হামলা চালায়। লোহার রড, লাঠি নিয়ে তারা তাঁদের বেধড়ক মারধর করে। সকাল ১০ টা নাগাদ এই ঘটনা ঘটে। মারধরের ঘটনার কথা জানতে পেরে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীরা। তাঁরা কল্যাণবাবুকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে। তিনি জানিয়েছেন, হামলাকারীরা সবাই তৃণমূল। তবে কয়েকজনকে ছাড়া অন্যদের তিনি চিনতে পারেননি। তাঁর আরও অভিযোগ, গত কয়েকদিন ধরেই তৃণমূলের দুষ্কৃতিরা হুমকি দিচ্ছিল। পুলিশে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পর এলাকায় যান সিপিএম নেতা অনাদি সাহু ও রাজদেও গোয়ালা। তাঁরাও কাশীপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন।


No comments:
Post a Comment