Tuesday, May 13, 2014

কেবল লাইন কাটা নিয়ে অশান্তি, গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী

কেবল লাইন কাটা নিয়ে অশান্তি, গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী


এই সময়, হাওড়া: কেবল লাইন কাটা ঘিরে গোলমালের জেরে শিবপুরে গুলিবিদ্ধ হলেন এক কংগ্রেস কর্মী৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ কেবল লাইন অপারেটর তৃণমূল সমর্থক হওয়ায় ঘটনাটিতে রাজনৈতিক রং লাগে৷ গোলমালে জখম হন আরও এক কংগ্রেস কর্মী৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ করে৷ তাতে বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দা আহত হন বলে অভিযোগ৷ গুলিবিদ্ধ মহেন্দ্র প্রসাদকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 

সোমবার রাতে ঘটনাটি ঘটে শিবপুর থানার চওড়া বস্তি এলাকায়৷ বস্তির কিছু বাসিন্দা টিভিতে আইপিএল এবং ভোটের বুথ-ফেরত সমীক্ষা দেখার সময় কেবল লাইন বন্ধ হয়ে যায়৷ তখন তাঁরা এলাকার কেবল অপারেটর, তৃণমূল কংগ্রেস সমর্থক মাসুম রাজার সঙ্গে যোগাযোগ করেন৷ তাঁর অফিসের কর্মীরা জানান, সেট টপ বক্সের ব্যালান্স শেষ হয়ে যাওয়ায় লাইন কেটে গিয়েছে৷ বাসিন্দারা লাইন জুড়ে দেওয়ার দাবি করেন৷ কিন্ত্ত রাজা জানান, টাকা না-দিলে লাইন চালু করা যাবে না৷ এ নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়৷ তা পরে লাঠালাঠি এবং বোমাবাজিতে পৌঁছয়৷ গোলমাল কেবল অফিস থেকে রাস্তায় চলে আসে৷ দু'পক্ষেই আরও প্রচুর লোক জড়ো হয়ে যায়৷ স্থানীয়রা জানান, আচমকা তখন এক ব্যক্তি গুলি চালায়৷ তা লাগে মহেন্দ্র প্রসাদের হাতে৷ তাঁকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়৷ 

হাওড়ায় ৩৪ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি জাভেদ কুরেশির ভাইপো সাকির আলি কুরেশি জানান, কেবল লাইন কাটার প্রতিবাদ করাতেই রাতে পিএম বস্তির কয়েক জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে তাঁর মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে৷ তাঁর মাথা ফেটে যায়৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ পরে পুলিশ এসে লাঠি চালিয়ে দু'পক্ষকে সরিয়ে দেয়৷ অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে সাহিদ ইকবাল নামে এক ব্যক্তি গুরুতর জখম হন৷ রাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়৷ মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেল, গোটা এলাকা শুনশান৷ পুলিশি টহল চলছে৷ আগের রাতের ঘটনা নিয়ে কেউ মুখ খুলতেও নারাজ৷ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি (শহর) অরূপ রায় জানান, যারা গুলি চালিয়েছে, তারা আগে তৃণমূল করত৷ তৃণমূল দোষীদের শাস্তি চায়৷ পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় দু'তরফই অভিযোগ জানিয়েছে৷ তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি৷

No comments:

Post a Comment