Monday, May 12, 2014

কবিতা :: ওরা গুম হয় ওরা খুন হয়!

কবিতা :: ওরা গুম হয় ওরা খুন হয়!

লিখেছেনসুস্মিতা চক্রবর্তী

কতটা পীড়ন রক্তের মত ঝরে!
ওরা গুম হয় ওরা খুন হয়,
দেশে দেশে ঘরে ঘরে!

বঞ্চনা-ভরা ওদের বসতি,
কেড়ে নেয়া মাঠে ওদেরই অস্থি;
সূর্য-শিশিরে ঝরে!
ওরা গুম হয় ওরা লাশ হয়,
পথে পড়ে থাকে অগোচরে!

মেয়েরা ওদের ধর্ষিত হয়।
জঙ্গলে-জিপে লুন্ঠিত হয়।
বিচারের নামে ভাইয়েরা ওদের-
হাতকড়া হাতে পাহাড়া-প্রহারে;
রক্তের বমি করে।
ওরা খুন হয় ওরা লাশ হয়;
মরবার আগে-পরে!

বাঁচার আশার সম্বলটুকু-
ক্রমাগত দূরে সরে।
ওরা গুম হয় ওরা খুন হয়,
দেশে দেশে ঘরে-ঘরে!

এক হয় তারা নিপীড়িত দল,
বুকের ভেতরে খাঁ খাঁ করা মন;
কিসের যুদ্ধ করে!
ওরা গুম হয় ওরা খুন হয়,
সামরিক চড়া সুরে।

ভূমি-বন আর জলের কসমে,
নিভে যাওয়া মনে বেদনা-জখমে;
মৃত্যুর মতো প্রতিরোধ আর
প্রতিশোধে ফেটে পড়ে।
ওরা খুন হয় ওরা লাশ হয়,
জঙ্গলে ঘরে-ঘরে!
————————————–
রাবি-ক্যাম্পাস২৫ সেপ্টেম্বর২০১৩।
(অরুন্ধতী রায়ের লেখা আর লুনা রুশদীর অনুবাদ করা দ্যা ব্রোকেন রিপাবলিক বইটা পড়ার বেদনার্ত প্রতিক্রিয়ায়…)
সুস্মিতা চক্রবর্তী :: সহকারী অধ্যাপকফোকলোর বিভাগরাজশাহী বিশ্ববিদ্যালয়।
(লেখাটি মঙ্গলধ্বনি‘র ৩য় প্রিন্ট সংখ্যায় [অক্টোবর ২০১৩ সংখ্যাপ্রকাশিত হয়েছে।)

No comments:

Post a Comment