Tuesday, May 13, 2014

সাত হাজার ছাড়িয়ে নয়া নজির নিফটির

সাত হাজার ছাড়িয়ে নয়া নজির নিফটির

nif
মুম্বই: ভোট-পুজোর শেষ লগ্নে পারদ চড়ল দালাল স্ট্রিটে৷ সোমবার শেষ দফা নির্বাচনের দিন ৫৫৭ পয়েন্ট বেড়ে ফের নজির গড়ল বম্বে শেয়ার সূচক সেনসেক্স৷ ৭০০০-এর মাত্রা টপকে নতুন রেকর্ড স্থাপন করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটিও৷ জোড়া-সূচকের ঊর্ধ্বশ্বাস গতিতে দিনের একসময় ডলারের নিরিখে টাকার দর পৌঁছে যায় ৫৯.৫১-তে৷ যদিও দিনের শেষে ডলারের তুলনায় এক পয়সা পড়ে ৬০.০৫-তে বন্ধ হয় টাকা৷ শেয়ার বাজারের 'বুল-রানে' সোনার দামও পড়ে যায় ১০০ টাকা প্রতি ১০ গ্রামে ৷

সোমবার ২.৪২ শতাংশ বেড়ে সেনসেক্স বন্ধ হয় ২৩,৫৫১ পয়েন্টে৷ দিনের এক সময় সূচক পৌঁছে গিয়েছিল ২৩,৫৭২ পয়েন্টে৷ নিফটি ১৫৫ পয়েন্ট উঠে বন্ধ হয় ৭,০১৪.২৫ পয়েন্টে৷ এ দিন নিফটি ৭০২০ পয়েন্টও ছাড়িয়ে যায় দিনের মাঝামাঝি সময়৷ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১২৫টি শেয়ার এবং বম্বে স্টক এক্সচেঞ্জে ১৮৯টি শেয়ার এ দিন তাদের এক বছরের সর্বোচ্চ দরে পৌঁছয়৷ অ্যাক্সিস ব্যাঙ্ক, কোল ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা মোটরস, গ্রাসিম, আইটিসি, মারুতি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং লার্সেন অ্যান্ড টুব্রোর মতো 'হেভি-ওয়েট' সংস্থার শেয়ার দর ৩.৫ থেকে ৬ শতাংশ অবধি বেড়ে যায়৷ মূলত এই বড় সংস্থাগুলির কাঁধে ভর করেই সেনসেক্স-নিফটি সোমবার একধাক্কায় অনেকটা উপরে উঠে যায়৷ শেয়ার দরে এই ঊর্ধ্বগতিতে ইন্ধন জুগিয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নি৷

সোমবার ১২১৭.৯৫ কোটি টাকার নীট বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নি হয়েছে শেয়ার বাজারে৷ শুক্রবার ওই পরিমাণ ছিল ১২৬৮ কোটি টাকা৷ মূলত এই দু'দিনেই শেয়ার বাজার বেড়েছে প্রায় ১২০০ পয়েন্ট! শুক্রবারের আগে চলতি মাসে সর্বোচ্চ ৫০০ কোটি টাকা প্রাতষ্ঠানিক বিদেশি লগ্নি এসেছিল শেয়ার বাজারে৷ সেটা একদিনে তিনগুণ বেড়ে যাওয়ায় ওয়াকিবহাল মহলের ধারণা, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার গড়া নিয়ে খুবই প্রত্যাশী বিদেশি বিনিয়োগকারীরা৷ শেয়ার বাজারে ভালো রিটার্নের পাশাপাশি বৈদেশিক মুদ্রায় টাকার বিনিময় দর অনেকটা ঘুরে দাঁড়ানোয় দু'ভাবে লাভ হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের৷ সেই কারণে আরও বেশি করে ভারতের প্রতি উত্‍সাহী হচ্ছেন বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা৷

রাজনৈতিক আবহে শেয়ার বাজারের দুর্ধর্ষ 'পারফরম্যান্স' এখানেই শেষ হবে না৷ সোমবার বিকেলেই বিভিন্ন টিভি চ্যানেলে শুরু হয়ে গিয়েছে বুথ-ফেরত সমীক্ষা৷ যেখানে বিজেপির নেতৃতাধীন এনডিএ জোটকেই এগিয়ে রাখা হচ্ছে ২৬০ থেকে ২৯০টি আসন দিয়ে৷ এই সমীক্ষা ফল মঙ্গলবার বিনিয়োগকারীদের আরও উজ্জীবিত করবে বলে মনে করেন বিএনপি পারিবার বিনিয়োগ বিশেষজ্ঞ মনীষী রায়চৌধুরী৷ তিনি বলেন, 'এগজিট পোলে যদি দেখা যায় এনডিএ জোট ২৬০ বা তার বেশি আসন পেতে পারে, তাহলে আগামী দিনে বাজার আরও চাঙ্গা থাকবে৷ ১৬ মে সেনসেক্স পাঁচ থেকে সাত শতাংশ বেড়ে ২৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে৷'

রেয়ার এন্টারপ্রাইজের শেয়ার ব্রোকার রাকেশ ঝুনঝুনওয়ালার মতে, 'সমস্ত তেজি বাজারের 'মা' হয়ে আত্মপ্রকাশ করতে পারে ভারতীয় শেয়ার বাজার৷ আমরা সে পথেই এগোচ্ছি৷' রাকেশের মতে, 'এনডিএ সরকার গড়ছেই৷ আর, ২৭০টি আসন এনডিএ পেলে বাজারের আরও উচ্চতায় পৌঁছবে৷ তবে, যদি আশানপরূপ ফল না হয়, এবং কংগ্রেস শাসিত জোটকেই দেশের হাল ধরতে হয়, তা হলেও নিফটি নেমে ৬৩০০ পয়েন্টে দাঁড়াবে৷'

তবে, এই বাজারে সতর্ক থেকে ঠিক সময় শেয়ার বেচে লাভের টাকা ঘরে তোলারই উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ সোমবার প্রকাশিত মূল্যবৃদ্ধির পরিসংখ্যান বলছে, এপ্রিলে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার তিন মাসের সর্বোচ্চ ৮.৫৯ শতাংশে পৌঁছেছে৷ মার্চে এই হার ছিল ৮.৩১ শতাংশ৷ খুচরো বাজারে শুধু খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ৯.১০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯.৬৬ শতাংশ৷ পাশাপাশি মার্চে শিল্পোত্‍পাদন ০.৫ শতাংশ সঙ্কুচিতও হয়েছে, যেটা ভারতীয় অর্থনীতির বেহাল দশারই ইঙ্গিত বহন করছে৷

অন্যদিকে, ডলারের সাপেক্ষে টাকার দর ক্রমশ বাড়তে থাকায় আশঙ্কা প্রকাশ করেছে রপ্তানিকারীরা৷ এদিন রপ্তানিকারীদের সংগঠন ইইপিসি ইন্ডিয়া জানিয়েছে, টাকা ৫৯-এর ঘরে চলে গেলে রপ্তানিকারীদের জন্য তা মোটেই সুখবর হবে না৷ এর কারণ টাকার দর বেশি বাড়লে আমাদের রপ্তানি মার খাবে৷

কিন্ত্ত, ভোটের পারদ এখনও নামেনি৷ অপেক্ষা আর চারদিনের৷ তার পরই স্থিতাবস্থা ফিরবে শেয়ার বাজারে৷ 
http://eisamay.indiatimes.com/business/nifty-crosses-7000-points-made-record/articleshow/35053183.cms?

No comments:

Post a Comment