'নজরুল শুধু বাঙালির নয়, সারা বিশ্বের'
ইত্তেফাক রিপোর্ট
গতকাল বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
দেশের 'আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র' জাতীয় কবি'র জন্মবার্ষিকী-২০১৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 'বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে নজরুল চর্চা :একটি তুলনামূলক আলোচনা' শীর্ষক প্রবন্ধ পাঠ করেন- যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধীন বারনার্ড কলেজের দক্ষিণ এশীয় সংস্কৃতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক রেচেল ফেল ম্যাকডারমট। অনুষ্ঠানে অ্যামিরিটাস অধ্যাপক ও নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও ভারতের পশ্চিমবঙ্গের কবি ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট শিল্পী বুলবুল মহলানবীশ।
অধ্যাপক রেচেল ফেল ম্যাকডারমট তার প্রবন্ধে বলেন, কবি নজরুল ইসলামকে জানার জন্য আমার আগ্রহের সবচেয়ে কেন্দ্রবিন্দুতে ছিলো 'তার অসীম-অনন্ত অসাম্প্রদায়িক চেতনা। সেইসঙ্গে একজন মুসলিম কবি হয়েও তিনি যে আন্তরিকতার সাথে হিন্দু বা সনাতন ধর্মের জন্য কীর্তন, শ্যামা সংগীত লিখেছেন তা অসাম্প্রদায়িক কবি মানসের পরিচায়ক। একইভাবে তিনি নিজের ধর্মের জন্যও অসংখ্য গান-কবিতা রচনা করেছেন। তিনি আরো বলেন, কবিকে জানতে এসে আমি অনেক পথের সন্ধান পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য- বিশ্বজনিন মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদ ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ। এসময় তিনি কবিকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বেশি কাজ না হওয়ায় হতাশা ব্যক্ত করে বলেন, আমাদের তাকে আরো জানতে হবে, তাকে বিশ্ব দরবারে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।
কাজী আরিফের আবৃত্তির অ্যালবাম : প্রকাশিত হলো দুই বাংলার কবিতা নিয়ে স্থপতি আবৃত্তিশিল্পী কাজী আরিফের একক আবৃত্তির অ্যালবাম 'এই জ্যোত্স্নায় একাকী দাঁড়িয়ে'। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে শিল্পী কাজী আরিফসহ আরও উপস্থিত ছিলেন রফিক কায়সার, পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পী ব্রততী বন্দোপাধ্যায়, শিমুল মুস্তাফা প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন ব্রততী বন্দোপাধ্যায়।
'এই জ্যোত্স্নায় একাকী দাঁড়িয়ে' অ্যালবামটির নির্দেশনা দিয়েছেন ব্রততী বন্দোপাধ্যায় ও সংগীতায়জনে ছিলেন প্রত্যুষ বন্দোপাধ্যায়। অ্যালবামটি প্রযোজনা করেছে ডেলভিস্তা ফাউন্ডেশন।
No comments:
Post a Comment