Thursday, April 10, 2014

প্রেমিকার ডাকে বাড়ি থেকে বেরিয়ে রেললাইনে যুবকের রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের

প্রেমিকার ডাকে বাড়ি থেকে বেরিয়ে রেললাইনে যুবকের রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের

বাঘাযতীন এবং নিউ গড়িয়া স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ৷ পরিবারের অভিযোগ, খুন করেছে প্রেমিকার পরিবার৷ যদিও, মেয়েটির পরিবারের পাল্টা দাবি, মৃত্যু হয়েছে দুর্ঘটনায়৷
রবিবার রাতে বাঘাযতীন এবং নিউ গড়িয়া স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হয় চিংড়িহাটার বাসিন্দা সুমন দাস নামে এক যুবকের রক্তাক্ত দেহ৷ পরিবারের দাবি, রবিবার বিকেলে সুমনকে ফোন করেন তাঁর বান্ধবী৷ এরপরই বাঘাযতীনের বাসিন্দা ওই বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরিয়ে যান সুমন৷ রাত ৮.১০ নাগাদ ফের বাড়িতে একটি ফোন আসে৷ অপরিচিত এক কণ্ঠ ফোনে বলে, সুমন অসুস্থ অবস্থায় রেললাইনের ধারে পড়ে রয়েছে৷ এখনই চলে আসুন৷
পরিবারের লোকজন বাঘাযতীনের কাছে দিয়ে দেখে, রেললাইন থেকে সুমনের রক্তাক্ত দেহ তুলছে জিআরপি৷ কিন্তু, কীভাবে মৃত্যু হল এই যুবকের? পরিবারের দাবি, গত একবছর ধরে ওই বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুমনের৷ মেয়েটির পরিবারের বিরুদ্ধে তাঁদের ছেলেকে খুনের অভিযোগ করেছে সুমনের পরিবার৷
ঘটনার দিন তাঁদের মেয়ের সঙ্গে সুমনের সাক্ষাতের কথা স্বীকার করে নিলেও মেয়েটির পরিবারের দাবি, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুমনের৷
কীভাবে মৃত্যু হল এই যুবকের?
সত্যিই কি ট্রেনের ধাক্কায়, না কি নেপথ্যে রয়েছে অন্য রহস্য, খতিয়ে দেখছে পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে ধোঁয়াশা কাটবে বলে মনে করছে পুলিশ৷

No comments:

Post a Comment