মোদির ‘বিবাহ-স্বীকারোক্তি’: নেট-দুনিয়ায় সমালোচনার ঝড়
নয়াদিল্লি: এতদিন পরে নিজের বিয়ের কথা স্বীকার করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আর তাঁর এই বিলম্বিত স্বীকারোক্তি ঘিরে নেট-দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে এভাবে মোদির জনসমক্ষে নিজের স্ত্রী সম্পর্কে তথ্য গোপন রাখার জন্য নিন্দার ঢেউ উঠেছে। নেটিজেনদের বক্তব্য, এত বছর ধরে মোদি নিজের পত্লী সম্পর্কে তথ্য লুকিয়ে রেখেছিলেন। এজন্য ২০১২-র গুজরাত বিধানসভার নির্বাচনের সময় প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে দায়ের করা তাঁর হলফনামা বাতিল করা উচিত।
ফেসবুকে মৌলিন শাহ নামক এক ব্যক্তির মন্তব্য, যিনি নিজের ধর্মপত্নীকে স্বীকার করেন না, ৪৪ বছর ধরে লুকিয়ে রাখেন এবং অন্য কারোর মা,বোন,স্ত্রীর ব্যক্তিগত জীবনে আড়ি পাতেন তিনি মোদি।আর এক নেটিজেনের বক্তব্য, এতদিন বলা হচ্ছিল দেশ সেবার জন্য মোদি বিয়ে করেননি। এখন বলা হচ্ছে দেশ সেবার জন্য তিনি পত্নীকে ছেড়েছেন।
কাসান্দ্রা নামের এক প্রোফাইলে মন্তব্য করা হয়েছে, মাননীয় মোদি, আমি আপনাকে সবদিনই অন্যসব রাজনীতিকদের থেকে আলাদা করে দেখতাম। এতদিন কেন আপনি আপনার বৈবাহিক পরিচয় গোপন রেখেছিলেন? আমি এতে মর্মাহত।
মোদিকে একহাত নিয়েছেন কংগ্রেসের অন্যতম সাধারন সম্পাদক দিগ্বিজয় সিংহ। ট্যুইটারে দিগ্বিজয় বলেছেন, যে মোদি নিজের পত্নীকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করেছেন তাঁকে দেশের মহিলারা কীভাবে বিশ্বাস করবেন। মোদির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তিনি আর্জি জানিয়েছেন।

No comments:
Post a Comment