তৃণমূলের নয়া অ্যাপস, মিলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি চ্যাটের সুযোগ
Sunday, 06 April 2014 04:51 PM
দুনিয়া এখন জেন ওয়াইয়ের৷ হাতে হাতে স্মার্ট ফোন কিংবা ট্যাব৷ দিনের অধিকাংশ সময়ই ইন্টারনেটে বুঁদ৷ রয়েছে, হরেক রকম লোভনীয় অ্যাপ্লিকেশনের হাতছানি৷ শুধু বাণিজ্যিক সংস্থাই নয়, নিজেদের বক্তব্যকে ভোটারদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন রাজনৈতিক দলেরও ভরসা এখন গুগল প্লে কিংবা অ্যাপ স্টোর৷ এবার সেই দুনিয়ায় পা রাখল তৃণমূলও৷ নতুন অ্যাপ্লিকেশন আনল তৃণমূল কংগ্রেস৷নাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অ্যাপ্লিকেশন।
গুগল প্লে কিংবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করলেই মিলবে তৃণমূলের এই নতুন অ্যাপ্লিকেশন৷ রয়েছে ফ্রি ডাউনলোডের সুযোগ৷ অ্যাপে থাকছে দিদি ডাইরেক্ট, অর্থাত্ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি চ্যাটের সুযোগ৷ শুধু তাই নয়, অ্যাপ্লিকেশন থেকেই মিলবে বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান, প্রচারের খুঁটিনাটি থেকে সব মুহূর্তের আপডেট৷
তৃণমূলের ৪০টি ব্লগেও নিজেদের মতামত জানাতে পারবেন ভোটাররা৷ এই অ্যাপস থেকেই মিলবে তৃণমূলের ওয়েবসাইটের লিঙ্ক৷
এর পাশাপাশি, ফেসবুক, ট্যুইটার, গুগল হ্যাঙ্গআউটেও চলছে ভোট প্রচার৷ তৃণমূলের এই কর্মযজ্ঞের তদারকির জন্য তৈরি দলের অন্যতম দু’ই সদস্য হলেন আইআইএম-এর দুই সদ্য প্রাক্তনী তন্ময় মণ্ডল এবং সম্প্রতি মোদগাজে৷
সোশাল মিডিয়ার প্রচারের পাশাপাশি, এবার ভোটারদের বাড়িতেও পৌঁছবে তৃণমূলনেত্রীর চিঠি৷
বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টির মতো বেশ কিছু দল অনেক আগে থেকেই প্রচারে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে৷ সম্প্রতি ফেসবুক, ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছে রাজ্য সিপিএমও৷ তবে, ইভিএমে এই ই- প্রচার কতটা কাজে আসে, সেটাই এখন দেখার৷

No comments:
Post a Comment