Thursday, April 10, 2014

৪২ আসনেই ‘জমি ’ পাবে বিজেপি , মনে করে সিপিএম

৪২ আসনেই ‘জমি ’ পাবে বিজেপি , মনে করে সিপিএম

এই সময় : রাজ্যে কিছু আসনে বিজেপি যে ভালো ভোট পাবে, তা স্বীকার করেছেন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু৷ দলের রাজ্য সম্পাদকের এই পর্যবেক্ষণ যে রাজ্যের আংশিক চিত্র মাত্র, তা স্পষ্ট হয়ে গেল বুধবারের রাজ্য কমিটির বৈঠকে৷ তাতে একাধিক সদস্য বলেছেন, রাজ্যের ৪২টি আসনেই বিজেপির ভোট উল্লেখযোগ্য মাত্রায় বাড়বে৷ সব জেলাতেই বিজেপির পক্ষে চোরাস্রোত বইছে৷ রাজ্য কমিটির অনেক সদস্যই মনে করছেন, বিজেপি বহু আসনে নির্ণায়ক ভূমিকায় অবতীর্ণ হবে৷ এক কথায়, রাজ্যের শাসকদল তৃণমূল কিংবা অন্যতম বিরোধী দল কংগ্রেসের থেকেও বিজেপি যে বামেদের এখন উত্কণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে, সিপিএমের রাজ্য কমিটি তা কার্যত মেনে নিল৷ হলদিয়ার লক্ষ্মণ শেঠের বহিষ্কারের সিদ্ধান্ত এদিন অনুমোদিত হয়েছে রাজ্য কমিটির সভায়৷ তমলুকের প্রাক্তন সাংসদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে উচ্চবাচ্য করেননি রাজ্য কমিটির কোনও সদস্যই৷ রাজ্য সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত রাজ্য কমিটির সভায় পেশ করার এক মিনিটের মধ্যে তা অনুমোদিত হয়৷ লোকসভা নির্বাচনের আগে এ দিন সিপিএমে রাজ্য কমিটির এক বেলার বৈঠক ছিল৷ বহুদিন পরে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীণ সিপিএম নেতা বিনয় কোঙার৷ লোকসভা ভোটের প্রচার চলায় সিপিএম রাজ্য কমিটির একাধিক সদস্যই এ দিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন৷ মূলত ভোটের প্রচারপর্ব শুরু হওয়ার পর রাজ্য -রাজনীতির পটপরিবর্তন নিয়ে পর্যালোচনা করা ছিল এই বৈঠকের প্রধান এজেন্ডা৷ বৈঠক অল্প সময়ের জন্য হওয়ায় জেলাওয়ারি রিপোর্টিংয়ের ক্ষেত্রে কমবেশি জেলার প্রতিনিধিরা পাঁচ-দশ মিনিটের বেশি কথা বলেননি৷ কিন্ত্ত এই স্বল্প সময়ের রিপোর্টিংয়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গ--- সিংহভাগ জেলার নেতাই বিজেপির এই বাড়বাড়ন্ত নিয়ে উত্কণ্ঠা প্রকাশ করেছেন৷ দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলির নেতারা বিজেপির এই চোরাস্রোতের উল্লেখ করেছেন৷ আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় কিংবা শ্রীরামপুরে বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়ীর সভায় চোখে পড়ার মতো যে ভিড় হচ্ছে তা শুধু সংগঠিত ভিড় নয়, বিজেপির প্রতি আমজনতার একাংশের উত্সাহের কারণে ভিড় বাড়ছে বলে সিপিএমের নেতারা মত প্রকাশ করেছেন৷ কলকাতায় দু'টি লোকসভা আসনে বিজেপির ভোট সব হিসেব-নিকেশ ছাড়িয়ে যেতে পারে বলেও কলকাতার কিছু নেতা উদ্বেগ জানিয়েছেন৷ এক নেতা বলেছেন, 'আদবানির রথযাত্রার পরবর্তী সময়ে এই রাজ্যে বিজেপির হাওয়া উঠেছিল, এ বার নরেন্দ্র মোদীকে নিয়েও তেমনই উত্সাহ তৈরি হয়েছে আমজনতার একাংশের মধ্যে৷' বিমানবাবু জবাবি ভাষণে বলেন, 'বিজেপির বাড়বাড়ন্ত নিঃসন্দেহে বিপদের, তবে তার মোকাবিলা করতে হবে৷' 

No comments:

Post a Comment