Friday, April 11, 2014

নির্বাচনে অনীহা কাটল না দিল্লির

নির্বাচনে অনীহা কাটল না দিল্লির

priyanka
স্বামী রবার্ট ভদরার সঙ্গে ভোট দিয়ে বেরোচ্ছেন প্রিয়াঙ্কা
গৌতম হোড়

নয়াদিল্লি: ভোটদানের ক্ষেত্রে বরাবরই অনীহা দিল্লিবাসীর৷ জরুরি অবস্থার পর ১৯৭৭ সালের নির্বাচন বাদ দিলে দিল্লিতে ভোটের হার ৭০ শতাংশ ছাড়ায়নি৷ গত বিধানসভাতে ৬৬ শতাংশের বেশি লোক ভোট দিয়েছিলেন৷ এ বার নির্বাচন কমিশন জানিয়েছে ,রাজধানীতে ৬৪ শতাংশের মতো ভোট পড়েছে৷ উপ-নির্বাচন কমিশনার বিনোদ জুত্‍‌সি বলেছেন, সংখ্যাটা খুব বেশি হলে এক-দু'শতাংশ বাড়তে পারে৷ অর্থাত্‍ লোকসভা নির্বাচনে বিধানসভা ভোটের আশেপাশেই থাকবে রাজধানীতে ভোটদানের হার৷ মোদী-হাওয়া, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, দেশের রাজনৈতিক ভবিষ্যতের চিন্তা- কোনও কিছুই দিল্লির ভোটদাতাদের বিপুল সংখ্যায় বুথে টেনে আনতে পারল না৷

দিল্লিতে এখনও সে রকম গরম পড়েনি৷ এ বার কমিশন তো ভোটের সময়ও দু'ঘণ্টা বাড়িয়ে দেওয়ায় সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত ভোট হয়েছে৷ বাড়ি বাড়ি গিয়ে দরজায় কড়া নেড়ে ভোটার স্লিপ বিলি করে এসেছেন কমিশনের কর্মীরা৷ কোথায় ভোট তাতে স্পষ্ট লেখা ছিল৷ কোথাও কোনও গন্ডগোল হয়নি৷ কেউ হুমকি দেয়নি৷ তা সত্ত্বেও রাজধানীর প্রায় ৩৫ শতাংশ মানুষ কমিশনের ডাকে সাড়া দেননি৷

সকাল সকাল চিত্তরঞ্জন পার্কের চেহারাটা ছিল যে কোনও ছুটির দিনের মতোই৷ রাইসিনা বেঙ্গলি স্কুলের বুথে সকাল পৌনে ন'টায় গিয়ে কোনও লাইন ছাড়াই ভোট দিতে কোনও অসুবিধা হয়নি৷ প্রধান ফটক দিয়ে ঢুকে বুথে ভোট দিয়ে বেরিয়ে আসা পর্যন্ত যথেষ্ট সংখ্যক পুলিশ ছিল৷ ফটকের বাইরেই গাড়ি পার্ক করে ভোট দিয়েছেন বঙ্গসন্তানরা৷ বুথের মধ্যে কংগ্রেস, বিজেপি ও আপের এজেন্ট থাকলেও তৃণমূলের কোনও এজেন্টের দেখা মেলেনি৷ দুপুরে দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ, মধ্য দিল্লির হেইলি রোড-সহ অনেক জায়গাতেই বুথের বাইরে কংগ্রেস, বিজেপি, আপের টেবিলগুলি ছিল পুরোপুরি শূন্য৷ তুলনায় কিছুটা বেশি ভিড় হয়েছে পুরনো দিল্লির কেন্দ্রগুলিতে৷

ভিভিআইপি -রা অবশ্য সকাল সকালই ভোট দিয়ে দিয়েছেন৷ নয়াদিল্লির কংগ্রেস প্রার্থী অজয় মাকেনের সঙ্গে সনিয়া গান্ধী চলে যান নির্মাণ ভবনের বুথে৷ রাহুল অবশ্য ভোট দেন আওরঙ্গজেব লেনের বুথে৷ স্বামী রবার্ট ভাদরাকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীও সকাল সকাল লোদী এস্টেটের বুথে গিয়ে ভোট দিয়ে আসেন৷ হরিয়ানা ও রাজস্থানে জমি বিতর্কের জেরে বহুদিন পর প্রিয়াঙ্কার সঙ্গে রবার্ট ভাদরাকে দেখা গেল৷ প্রিয়াঙ্কা অবশ্য ভোট দিয়ে বেরিয়ে বলেছেন, তিনি বরাবরের মতোই কেবল মা ও দাদার কেন্দ্র রায়বেরিলি ও আমেঠির বাইরে কোথাও প্রচার করবেন না৷

প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, অরবিন্দ কেজরিওয়াল-সহ আপ নেতারা সকলেই ভোট দিয়েছেন৷ সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের কাছে এ বার বামেদের ভোট দেওয়ার একটা বিকল্প ছিল৷ কারণ, নয়াদিল্লি কেন্দ্রে সিপিআই-এর একজন প্রার্থী ছিলেন৷ সকালের দিকেই কারাট ভোট দিয়ে আসেন৷ ৷

No comments:

Post a Comment