Thursday, April 10, 2014

মুখ্যমন্ত্রী পাশে, কী বার্তা যাচ্ছে, অনুব্রতকে এখনও গ্রেফতার নয় কেন, ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন

মুখ্যমন্ত্রী পাশে, কী বার্তা যাচ্ছে, অনুব্রতকে এখনও গ্রেফতার নয় কেন, ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন

High Court

হাই কোর্ট

কলকাতা: মুখ্যমন্ত্রী যদি অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘোরেন, তাহলে ডিজি তাঁকে গ্রেফতারের সাহস দেখাবেন কী করে? আজ পাড়ুই হত্যা মামলার শুনানিতে এই প্রশ্ন করেন বিচারপতি দীপঙ্কর দত্ত৷ কাল দুপুর দু’টোয় ডিজিকে আদালতে তলব বিচারপতির৷
বৃহস্পতিবার বর্ধমানের মঙ্গলকোটে নির্বাচনী সভায় একমঞ্চে ছিলেন পাড়ুইকাণ্ডে মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানির সময় সেই প্রসঙ্গ টেনে আনেন বিচারতি দীপঙ্কর দত্ত৷ এদিন শুরুতেই সরকারি আইনজীবী আদালতে ডিজির খামবন্দি রিপোর্ট জমা দেন৷ তারপরই বিচারপতি তাঁকে প্রশ্ন করেন, আজকের সংবাদপত্র দেখেছেন? মুখ্যমন্ত্রী অভিযুক্তর সঙ্গে একই মঞ্চে, ছবিগুলো কি মিথ্যে? কী বার্তা যাচ্ছে? বিচারব্যবস্থাকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে?
অসন্তুষ্ট বিচারপতির আরও বলেন,মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে রয়েছেন৷ আমিও সাংবিধানিক পদে রয়েছি৷ পারস্পরিক সম্মান থাকা উচিত৷ পাড়ুইকাণ্ডে আদালতের একের পর এক পর্যবেক্ষণ ও নির্দেশের পরও মুখ্যমন্ত্রী অভিযুক্তের সঙ্গে স্টেজ শেয়ার করছেন৷ এটা দেখে যদি মনে হয় অভিযুক্ত মুখ্যমন্ত্রীর আশীর্বাদধন্য, তাহলে কী বার্তা যাবে?
এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন,যদি মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘোরেন, তাহলে ডিজি কি তাঁকে গ্রেফতারের সাহস দেখাতে পারবেন?
বৃহস্পতিবার শুনানির সময় ডিজি অনুব্রত মণ্ডলের ১৭ জুলাইয়ের বক্তৃতার সিডি দেখেছেন কি না, তা সরকারি আইনজীবীর কাছে যানতে চান বিচারপতি৷ সরকারি আইনজীবী জানান, ১ এপ্রিল সিটের হাতে সিডি এসেছে৷ ডিজি তা দেখেছেন৷
এরপরই বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন তোলেন,ডিজি বক্তৃতার সিডি দেখলেও কেন এখনও ওই রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি? আমরা কি সুরক্ষিত হাতে রয়েছি?
যদিও সরকারি আইনজীবী জানান, পাড়ুইকাণ্ডে প্রয়োজনীয় বেশকিছু পদক্ষেপ করা হয়েছে৷ কিন্তু ক্ষুব্ধ বিচারপতি বলেন পুলিশ কোনও পদক্ষেপ করেছে বলে তিনি মনে করেন না৷ এরপরই তিনি সরকারি আইনজীবীর উদ্দেশে বলেন,ডিজি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন৷ শুক্রবার ডিজিকে এজলাসে উপস্থিত থাকতে বলুন৷ ডিজিই আদালতের সব প্রশ্নের উত্তর দেবেন৷
এদিন আদালতে সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, ছবি দেখে এই সিদ্ধান্তে আসা যায় না, যে অভিযুক্ত মুখ্যমন্ত্রীর আশীর্বাদধন্য৷ আদালতের নির্দেশে তাঁর বিরোধিতা নথিভুক্ত করারও দাবি জানান সরকারি আইনজীবী৷ পাশপাশি,  উন্মুক্ত এজলাসে পাড়ুইমামলার শুনানি না করারও আবেদন জানান তিনি৷ যদিও তা খারিজ করে দেয় আদালত৷

No comments:

Post a Comment