Friday, April 11, 2014

স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে সহবাসে শাস্তি হোক ফাঁসি, সপা নেতার ফতোয়া

স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে সহবাসে শাস্তি হোক ফাঁসি, সপা নেতার ফতোয়া

Azmi
এই সময় ডিজিটাল ডেস্ক - মুলায়ম সিং যাদবের পর এবার আরও এক সপা নেতা। কুরুচিকর মন্তব্য করাটা যেন রুটিনে পরিণত করে ফেলেছে সমাজবাদী পার্টি নেতৃত্ব। কোনও মহিলা বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে লিপ্ত হলেই তাঁকে ফাঁসি দেওয়া উচিত্‍ বলে ফতোয়া জারি করেছেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমি।

মিড ডে পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, আবু আজমি বলেছেন যে, কোনও মহিলা স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায়, বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে লিপ্ত হলেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত্‍‌। তিনি বলেছেন, "ইসলাম ধর্মে ধর্ষণের শাস্তি মৃত্যু। কিন্তু এখানে মহিলাদের কোনও শাস্তিই হয় না, সব শাস্তি শুধু পুরুষদের জন্য। অনেক সময় মহিলাদেরও দোষ থাকে। "

আজমি আরও বলেছেন, "ভারতে যদি আপনি স্বেচ্ছায় কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক লিপ্ত হোন, সেখানে কোনও সমস্যা নেই। কিন্তু সেই মহিলাই যদি তাঁর উপর জোর করা হয়েছে বলে অভিযোগ করেন, তখন সমস্যা। আজকাল এ রকম ঘটনা বেড়েই চলেছে। তাঁদের কেউ স্পর্শ করুক বা না করুক, মহিলারা অভিযোগ জানাবেই। এর ফলে পুরুষের সামাজিক সম্মান নষ্ট হয়। শারীরিক সম্পর্ক স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায়, ইসলাম মেনে শাস্তি হওয়া উচিত্‍।"

আজমির মতে এই সমস্যার সমাধানের জন্য কোনও মহিলা স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে মিলিত হলেই তাঁর মৃত্যুদণ্ড হওয়া প্রয়োজন। যৌন সম্পর্ক সম্মতিতে হোক বা জোর করে, ফাঁসিই একমাত্র বিধান বলে জানিয়েছেন তিনি। ইসলামে এ রকম ক্ষেত্রে সম্পর্কিত পুরুষ ও নারী উভয়েরই মৃত্যুদণ্ডের কথা বলে হয়েছে বলে দাবি আজমির।

এর আগে গতকালই সপা প্রধান মুলায়ম সিং যাদব বলেছিলেন যে ছেলেরা অনেকসময়ই ভুল করে ফেলে, তাই বলে ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসি কখনও ঠিক নয়। তাঁর মন্তব্যের পর সরব হয়েছে অন্য রাজনৈতিক দলগুলি। এবার সেখানে আবু আজমির মন্তব্যে যেন আগুনে ঘৃতাহুতি হল।

No comments:

Post a Comment