Thursday, July 17, 2014

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইইউর কঠোর নিষেধাজ্ঞা ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই তীব্রতর হওয়ায় পশ্চিমা দেশগুলোর পদক্ষেপ

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইইউর কঠোর নিষেধাজ্ঞা
ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই তীব্রতর হওয়ায় পশ্চিমা দেশগুলোর পদক্ষেপ
ইউক্রেন ইস্যুতে বুধবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। রাশিয়ার আর্থিক, সামরিক ও জ্বালানি খাত টার্গেট করে প্রথমবারের মতো সরাসরি আঘাত হানল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভের সরকারী বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই তীব্রতর হওয়ায় পশ্চিমা দেশগুলো এ ব্যাপারে পদক্ষেপ নিল। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।
রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ আরোপিত নিষেধাজ্ঞা প্যাকেজ এ পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে বেশি শাস্তিমূলক। এর ফলে মস্কোর দিক থেকে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থার ঝুঁকিও বাড়ল।
শীতল যুদ্ধ পরবর্তী ক্রেমলিন ও পশ্চিমা দেশগুলো এখন সবচেয়ে কঠিন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সরকারী বাহিনী অভিযান শুরুর পর পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ এ বিষয়ে সক্রিয় পদক্ষেপ নিল। সহিংসতায় রবিবার থেকে বুধবার পর্যন্ত সেখানে ৫৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইউক্রেনের পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট পেত্রো পোরেশেঙ্কো এ বছর মে মাসে ক্ষমতা গ্রহণের আগেই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বলেছেন, ইউক্রেনে উস্কানিমূলক কর্মকা- অব্যাহত থাকায়... আমি রাশিয়ার বৃহৎ কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদন করেছি। ওবামা বলেন, রুশ সীমান্তের কাছে ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের সংযত করতে উদ্যোগ নেয়ার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে তিনি বার বার অনুরোধ করেছিলেন কিন্তু ক্রেমলিন তার আহ্বানে সাড়া দেয়নি। ওবামার কথায়, বাস্তবতা হলো, রাশিয়ার পক্ষ থেকে বিচ্ছিন্নতাবাদীদের মদদ যোগানো এবং ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত আছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ আরোপিত নিষেধাজ্ঞার ত্বরিত প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ব্রাজিল সফররত পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা বুমেরাং হয়ে এটি যুক্তরাষ্ট্র ও জনগণের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।
পুতিনের বক্তব্য উদ্ধৃত করে রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইতারতাস খবরটি দিয়েছে। ওয়াশিংটনের সর্বশেষ পদক্ষেপের ফলে রুশ আর্থিক প্রতিষ্ঠান গ্যাজপ্রম ব্যাংক ও ভিইবি এবং ওএ নোভাটেক ও রসনেফটের মতো দুটো বৃহৎ রুশ জ্বালানি কোম্পানি মার্কিন পুঁজিবাজারে লেনদেন করতে পারবে না।

No comments:

Post a Comment