Saturday, August 2, 2014

গাজার হত্যাযজ্ঞ এই আগস্টকে আরো শোকাবহ করেছে

গাজার হত্যাযজ্ঞ এই আগস্টকে আরো শোকাবহ করেছে

সৈয়দ মনজুরুল ইসলাম
এই আগস্টে গাজাতে ইসরাইলী নিধনযজ্ঞ দেড় হাজারের মতো মানুষের প্রাণ কেড়ে নিল। তাদের একটি বড় অংশ শিশু। গাজায় এই হত্যাযজ্ঞ এই আগস্টকে আরো শোকাবহ করে তুলেছে। ইসরাইলীরা যেমন একটি স্বাধীন জাতিকে বীভত্সতার মধ্যদিয়ে নির্মূল করতে চাচ্ছে, ঠিক তেমনি ১৯৭৫-এর আগস্টে একটি অপশক্তি বঙ্গবন্ধুকে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করার মাধ্যমে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিতে চেয়েছিল। তারাও নির্বিচারে বেগম মুজিব, তাঁর দুই পুত্র ও পুত্রবধূ এবং শিশু রাসেলকে হত্যা করেছিল। কিন্তু যতই ইসরাইলীরা ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চাইবে ততই এই স্বাধীনতাকামী জাতিটি ঘুরে দাঁড়াবে এবং তাদের গন্তব্য নিকটতর হবে— ১৯৭৫-এর ১৫ আগস্ট এই শিক্ষাটি আমাদের দেয়।

বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে ৭১-এর পরাজিত শত্রুরা তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। পাকিস্তানের ক্লেদাক্ত ইতিহাসের কাছে ফিরে যেতে চেয়েছিল এবং দেশটাকে মধ্যযুগের অলিগলিতে নিয়ে যেতে চেয়েছিল। দেড় দশকের মতো সময় তারা পেয়েছিল। কিন্তু বাংলার মানুষ জেগে উঠলো, অপশক্তি পরাজিত হলো এবং মুক্তিযুদ্ধের ইতিহাস আবার সমহিমায় উদ্ভাসিত হলো।

এই আগস্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর জন্য আমরা আর শোক করি না। বরং যে ঐতিহ্য তিনি আমাদের দিয়েছেন, যে শক্তি এই জাতির মেরুদণ্ডে সঞ্চারিত করেছিলেন, সেই শক্তি এবং ঐতিহ্য আমরা উদযাপন করি। আমরা এখন আত্মবিশ্বাসী এক জাতি, পৃথিবীর কাছে আমরা এখন অনেক কিছুতেই অনুসরণযোগ্য। ফলে আগস্টের শিক্ষা থেকে আমরা শুধু আমাদের জন্যই আশাবাদী হব তা নয়, গাজা ও ফিলিস্তিনীদের স্বাধীনতা সংগ্রামেও তাদের সমর্থন দিয়ে যাব এবং একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র অচিরেই দেখব- এই প্রত্যাশা করতে পারি।

[লেখক: কথাশিল্পী, শিক্ষাবিদ ও অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়]

The Daily Ittefaq

No comments:

Post a Comment