Tuesday, June 24, 2014

অবশেষে মুক্তি পেলেন মরিয়ম

অবশেষে মুক্তি পেলেন মরিয়ম
অবশেষে কারাগার থেকে ছাড়া পেলেন সুদানের আলোচিত নারী মরিয়ম ইয়াহিয়া ইব্রাহিম। ড্যানিয়েল ওয়ানি নামে এক মার্কিন খ্রীস্টানকে বিয়ে করে ইসলাম ধর্ম ত্যাগ করায় ২৭ বছর বয়সী মরিয়মকে প্রাণদ- দিয়েছিল সুদানের আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপীল করলে মঙ্গলবার আদালত তাঁকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট অনলাইন।
তাঁর আইনজীবী মোহানেদ মোস্তফা গণমাধ্যমকে জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মরিয়মকে এক অজ্ঞাত স্থানে পাঠানো হয়েছে। কারণ এর আগে মরিয়মের পরিবারের ওপর হুমকি এসেছে। কেউ তাঁকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। অপর আইনজীবী ইমান আব্দুল রহিম বলেন, মরিয়ম কারাগার থেকে ছাড়া পেয়ে তাঁর স্বামী ও দুই সন্তানের সঙ্গে রয়েছেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ব্লেয়ার মৃত্যুদণ্ডাদেশকে নৃশংস বলে আখ্যা দিয়েছিলেন। পাশাপাশি খাতুর্মের এ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। গত মাসে মরিয়মকে মৃত্যুদণ্ড দেয় সুদানের একটি আদালত। ইসলাম ধর্মে ফিরে আসতে অস্বীকৃতি জানালে তাঁকে ওই দণ্ড দেয়া হয়।
আদালতের এ রায়কে কেন্দ্র করে ব্যাপক কূটনৈতিক চাপের মুখে পড়ে খার্তুম। ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানাতে সুদান সরকারের প্রতি আহ্বান জানায় যুক্তরাজ্য।
মৃত্যুদণ্ডের পাশাপাশি একজন খ্রীস্টানকে বিয়ে করায় মরিয়মকে ১১০টি বেত্রাঘাতেরও আদেশ দিয়েছিল আদালত। কারাগারে বন্দী অবস্থায় গত সপ্তাহে একটি মেয়ে হয় মরিয়মের। এটা তাদের দ্বিতীয় সন্তান।
মরিয়মের অপর এক আইনজীবী তাঁর মক্কেলের মুক্তিতে আনন্দ প্রকাশ করে বলেছেন, আমরা খুবই খুশি। তারা তাঁকে মুক্তি দিয়েছে। তিনি এখন বাড়ির পথে।
বিচারের সময় মরিয়ম অত্যন্ত সাহস দেখিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর মুক্তি সুদানে ধর্মীয় স্বাধীনতার জয় হলো। মরিয়মের শক্ত অবস্থানের কারণে ভবিষ্যতে সেখানে আর কেউ এ ধরনের বিচারের মুখে পড়বে না বলে আমাদের বিশ্বাস।

No comments:

Post a Comment