Wednesday, June 25, 2014

নূর হোসেনকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে

নূর হোসেনকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে
ঢাকা, ২৫ জুন:
প্রকাশ : ২৫ জুন, ২০১৪

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে ফেরত আনতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রথম রিকোভারি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,  নূর হোসেনকে ঢাকায় ফেরত আনতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের সময় নূর হোসেনকে ফেরত আনার ব্যাপারে কোনো আলোচনা হবে কিনা- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর আনুষ্ঠানিক কোনো বৈঠক নেই। তবে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তার বৈঠক রয়েছে, সেখানে বিষয়টি আলোচনা হতে পারে।
আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জ, ফেনী, কালশির ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ উল্লেখ করে বলেন, যেসব অপরাধী এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ উপনির্বাচন বিষয়ে তিনি বলেন, এখানে সরকার কোনো প্রভাব বিস্তার করবে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আতোয়ার রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খান কামাল। এছাড়া সিনিয়র সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ, ইউএসএআইডি এর হেলথ সিস্টেম টিম লিডার অ্যালাইসন পি বেয়ার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আমির হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- See more at: http://www.jugantor.com/current-news/2014/06/25/115424#sthash.f39WolED.dpuf

No comments:

Post a Comment