Tuesday, June 24, 2014

চিচারিতোদের মাথায় এখন রবেনরা

চিচারিতোদের মাথায় এখন রবেনরা

AI_JavierHernandez
মেক্সিকো-৩ : ক্রোয়েশিয়া-১ (মার্কেস ৭২, গুয়ার্দাদো ৭৫, চিচারিতো ৮২) (পেরিসিচ ৮৭)

রেসিফে: ডাচ ডিফেন্সের দিকে এখন চোখ তাঁর! গ্রুপ লিগের শেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ হারিয়ে উঠে ফান পার্সি- আর্জেন রবেনদের হারানোর ছক কষতে শুরু করে দিলেন খাবিয়ের এর্নান্দেস৷ যাঁকে ফুটবল দুনিয়া চেনে চিচারিতো নামে৷

৮২ মিনিটে মার্কেসের কর্নার থেকে বিশ্বকাপের প্রথম গোলটা পেয়েছেন চিচারিতো৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড বলেই দিয়েছেন, 'আমার মনে হচ্ছে বিপুল ওজন মাথার উপর তুলেছিলাম৷ সেটা নামল৷ খেলাটা উপভোগ করছিলাম৷ যারা আমার খেলা দেখছেন, তারা অনেকেই বলেছেন, গোল না পেলেও খারাপ খেলিনি৷' সেই সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে চিচারিতোর যুক্তি, 'গোল করাটাই ফুটবলের একমাত্র কাজ নয়৷ টিমকে সাফল্য দেওয়াটা সবার আগে দরকার৷ সেটা করছি৷'

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথমার্ধ ছিল গোলশূন্য৷ দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি বদলে যায়৷ ৭২ মিনিটে ১-০ করেন অধিনায়ক মার্কেসের৷ তিন মিনিট পরেই গুয়ার্দাদোর ২-০৷ তৃতীয় গোল চিচারিতোর৷ ওল্ড ট্র্যাফোর্ডের টিমে সে ভাবে সুযোগ পান না৷ যা নিয়ে কিছুটা অসন্তোষও রয়েছে তাঁর৷ চিচারিতো বলেছেন, 'ফুটবলাররা আত্মবিশ্বাস খোঁজে৷ গত মরসুমে সেটা আমি কোনও ভাবেই পাইনি৷ তার পরও অনেকেই আমার উপর আস্থা রেখেছে৷ পাশে দাঁড়িয়েছে৷ আমার পরিবার আর স্ত্রীর কাছ থেকে সব সময় সমর্থন পেয়েছি৷ যেটা আমাকে মানসিক ভাবে আরও তৈরি করে দিয়েছে৷ কারণ, ওরা জানে, কঠিন পরিস্থিতিতে পড়লে আমি লড়াইটা চালিয়ে যাই৷'

প্রি-কোয়ার্টারে মেক্সিকোর সামনে নেদারল্যান্ডসের মতো দুরন্ত ছন্দে থাকা টিম৷ যা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন চিচারিতোরা৷ ম্যান ইউনাইটেডের ফুটবলার তো বলেই দিয়েছেন, 'অত্যন্ত কঠিন ম্যাচ সন্দেহ নেই৷ তবে আমরা যে ছন্দে খেলছি, সেটাই তুলে ধরতে চাই নট আউটে৷' মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা বলেছেন, 'আমাদের আরও কয়েকটা কঠিন দিন রয়েছে৷ সেগুলো পার করতে হলে আরও উন্নতি করতে হবে৷ প্লেয়াররা মাঠে নিজেদের ক্রমশ তুলে ধরছে৷ খুব ফোকাসড৷ এ বার সামনে তাকাতে হবে৷ আরও কঠিন ম্যাচ অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য৷'

ম্যাচের সেরা ও মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কেস বলেছেন, 'নেদারল্যান্ডস দুর্দান্ত টিম৷ খুব ভালো ছন্দে রয়েছে৷ ক্রোয়েশিয়ার মতো কঠিন ম্যাচ খেলার পর আমাদের আরও ফোকাসড হতে হবে৷ নতুন করে লড়াই করতে হবে৷ টিমগেমই সাফল্য এনে দিতে পারে মেক্সিকোকে৷'

No comments:

Post a Comment