Tuesday, June 24, 2014

শেষ ষোলয় ব্রাজিলের সামনে চিলি

শেষ ষোলয় ব্রাজিলের সামনে চিলি

neymar
দ্বিতীয় গোলের পর নেইমার।
ব্রাজিল-৪ : ক্যামেরুন-১
(নেইমার ১৭ এবং ৩৪, ফ্রেদ ৪৯, ফার্নান্দিনহো ৮৪) (মাতিপ ২৬)


এই সময় ডিজিটাল ডেস্ক: ক্যামেরুনকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলয় উঠল আয়োজক দেশ ব্রাজিল। নক আউটে তাদের প্রতিপক্ষ চিলি। জয়ের মূল কারিগর 'গোল্ডেন বয়' নেইমার। একাই দু'টো গোল করে ম্যাচের রঙ পাল্টে দেন তিনি।

গ্রুপ এ-র শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে শুধু জিতলেই হত না, গোল ব্যবধানে মেক্সিকোকে টপকালে তবেই গ্রুপ চ্যাম্পিয়ন হত ব্রাজিল। তাই বড় ব্যবধানে জেতাটা জরুরি ছিল। খেলার শুরু থকেই সেই লক্ষ্যেই খেলতে নামে স্কোলারির দল। শুরুতে ক্যামেরুনও যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। তবে ব্রিজিলিয়ান ডিফেন্সে দাবিদ লুইস এবং সিলবার সৌজন্যে গোল অধরা থেকে যায় তাদের। ১৫ মিনিটের মাথায় বল ছাড়া নেইমারকে পিছন থেকে হঠাত্ই ধাক্কা মেরে বসেন ডিফেন্ডার নিওম। এ ক্ষেত্রে রেফারির বদান্যতায় কার্ড দেখেননি তিনি। নাহলে ফুটবলের ভাষায় এটা 'কার্ড অফেন্স' ছিল। এমনকী লাল কার্ড দেখালেও বলার কিছু থাকত না।

ঠিক দু' মিনিটের মধ্যেই গোল করে এর জবাব দেন নেইমার। বিপক্ষের পা থেকে বল কেড়ে মিডফিল্ডার গুস্তাভো নেইমারের উদ্দেশে বল বাড়ান। দুই সেন্ট্রাল ব্যাকের মাঝখান থেকে ডান পায়ে নিখুঁত ভাবে বলটি গোলে রাখেন তিনি। মিনিট খানেকের মধ্যেই ফের নেইমারের শট বাঁচান গোলকিপার। যদিও গোল বেশি ক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ২৬ মিনিটে দানি আলবেসের পাস থেকে বল নিয়ে ক্রস রাখেন নিওম। সামনে শুধু গোলকিপারকে পেয়ে বল গোলে রাখতে ভুল করেননি মাতিপ। গোল খাওয়ার পরই তেড়েফুঁড়ে ওঠে ব্রাজিল। ৮ মিনিট পরে ফের নেইমারের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পায় ব্রাজিল। মাঝমাঠ থেকে ফ্রেদের পাস ধরে ডান দিক দিয়ে উঠে যায় লুইস। ভাসানো ক্রস দ্বিতীয় পোস্টে ফ্রেদের মাথা থেকে জালে জড়িয়ে যায়। এর পর আর খেলায় ফিরতে পারেনি ক্যামেরুন। বরং চোরাগোপ্তা পা চালাতে শুরু করে তারা। মূল লক্ষ্য ছিল নেইমার। সেরা খেলোয়াড়কে বাঁচাতে ৭২ মিনিটে তাঁকে তুলে নেন স্কোলারি। ৮৪ মিনিটে ফার্নান্দিনহো শেষ গোলটি করেন। এই গোলটিই গ্রুপ চ্যাম্পিয়ন করে ব্রাজিলকে। নাহলে শেষ ষোলয় অসাধারণ ফর্মে থাকা নেদারল্যান্ডসের সামনে পড়তে হত তাদের।

No comments:

Post a Comment