Tuesday, June 24, 2014

বরিশালে মুক্তিযোদ্ধার পরিবারকে হত্যার হুমকি

বরিশালে মুক্তিযোদ্ধার পরিবারকে হত্যার হুমকি
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২৪ জুন ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম রেজা এবং তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় চিহ্নিত এক ভূমিদস্যু ও তার সহযোগী সন্ত্রাসীরা। এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, মুক্তিযোদ্ধার ভরপাশা মৌজার ৩৫ শতক জমির ওপর দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পড়ে ভূমিদস্যু তোফায়েল আহম্মেদ ওরফে তোতা মিয়ার। অতিসম্প্রতি তোতা ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা জোরপূর্বক মুক্তিযোদ্ধার জমির অর্ধলক্ষাধিক টাকার গাছ কেটে জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ কর্তনকৃত গাছ উদ্ধার করে জিম্মায় রাখেন। জিম্মায় থাকা গাছগুলো লুট করে নেয় ভূমিদস্যু তোতা মিয়া ও তার সহযোগীরা। মুক্তিযোদ্ধা সেলিম রেজার কন্যা নারগিস সুলতানা অভিযোগ করেন, এ নিয়ে বাড়াবাড়ি করা হলে তার পিতাসহ পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে আসছে ভূমিদস্যু তোতা মিয়া ও তার পুত্র সন্ত্রাসী মামুন। তাদের অব্যাহত হুমকির মুখে মুক্তিযোদ্ধার অসহায় পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

দিনাজপুরে ২০ জাল ডলার বিক্রেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৮
স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জাল ডলার বিক্রি ও প্রতারণার অভিযোগে র‌্যাব সদস্যদের পক্ষ থেকে দায়ের করা পৃথক দুটি মামলায় ৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুজ্জামান জানান, জাল ডলার বিক্রি, প্রতারণা ও র‌্যাব সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় থানায় র‌্যাব-১৩ এর ডিএডি শশধর ভট্টাচার্য বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। ওই ২টি মামলায় সোমবার পর্যন্ত ৮ জাল ডলার ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার এজাহারনামীয় ২০ আসামির মধ্যে ১২ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে পুলিশ এবং র‌্যাব সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৯ জুন দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের মিরাজউদ্দীনের পুত্র করিমুল ইসলামের বাড়িতে জাল ডলার বিক্রির সময় র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় করিমুল ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে র‌্যাব সদস্য এএসআই দুলাল ও কনস্টেবল খায়রুলকে মাথায় কুড়াল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এই ২ জন বর্তমানে রংপুর সেনানিবাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই দিন র‌্যাব সদস্যদের অভিযানে ঘটনাস্থল থেকে ৩৬৪টি জাল ইউএস ডলার এবং ৬টি বিভিন্ন কোম্পানির রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে করিমুল ও তার সহযোগী সাফিউল ইসলাম, আতিকুল ইসলাম, জহুরুল ইসলাম ওরফে ভাঙ্গা, খোরশেদ আলম, নাজমুল হক, তারা মিয়া ও ইয়াসমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলায় ২০ আসামির মধ্যে পলাতক ১২ জনের নাম উল্লেখ করে এবং ৭ জন অজ্ঞাত জাল ডলার ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘটনাস্থল সাতখামার এলাকায় সরেজমিন গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।
http://allbanglanewspapers.com/janakantha/

No comments:

Post a Comment