Wednesday, April 2, 2014

বিষাক্ত পানিতে মৃত মাছ করতোয়াপাড়ে তদন্ত দল

বিষাক্ত পানিতে মৃত মাছ করতোয়াপাড়ে তদন্ত দল


পঞ্চগড় প্রতিনিধি | আপডেট: ০১:৪১, এপ্রিল ০৩, ২০১৪
পঞ্চগড়ে করতোয়া নদীর পানির মাছ মারা যেতে শুরু করেছে। কয়েক দিন ধরে নদীতে মৃত মাছ ভেসে উঠছে। পৌর এলাকার দুটি কারখানার তরল বর্জ্যের কারণে পানি বিষাক্ত হয়ে মাছ মারা যেতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। মৎস্য বিভাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।
নলকূড়া ও সারোগাড়া মৎস্য অভায়াশ্রম এলাকায় গতকাল বুধবার সকালে গিয়ে দেখা গেছে, নদীতে মৃত মাছ ভেসে রয়েছে। স্থানীয় বাসিন্দারা এসব তুলে নিচ্ছেন। নদীর পানির রং কালো হয়ে গেছে। মাছ মারা যাওয়ায় তীরবর্তী এলাকার কয়েক শ জেলের বেকার হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই নদী পঞ্চগড়ে মাছের একটি বড় উৎস।
করতোয়া নদীর নলকূড়া অভয়াশ্রম মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ইব্রাহিম বলেন, এভাবে মাছ মারা গেলে এলাকার প্রায় আড়াই শ জেলে বেকার হয়ে পড়বেন।

জেলা মৎস্য বিভাগ জানায়, পঞ্চগড় পৌর এলাকায় অবস্থিত এশিয়া ডিস্টিলারিজ ও পঞ্চগড় চিনিকল করতোয়া নদীতে তরল বর্জ্য ফেলছে। এসব তরল বর্জ্য শোধন করে নদীতে ফেলার কথা। কিন্তু চলতি মৌসুমে বর্জ্য শোধন না করেই তা সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে করতোয়ার পানি বিষাক্ত হয়ে পড়েছে। এ কারণে কয়েক দিন ধরে মাছ মারা যেতে শুরু করেছে। বিষয়টি জেলা মৎস্য কর্মকর্তা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তুলে ধরেন। এরপর জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটি তদন্তকাজ শুরু করেছে।
জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, নদীর পানি দুর্গন্ধ ও কালো রং ধারণ করেছে। এ কারণে মাছ মারা যেতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে মাছের প্রজনন বন্ধ হয়ে যাবে। এতে দেশীয় মাছের সংকট দেখা দেবে।
এশিয়া ডিস্টিলারিজ প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হুদা এবং চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশীদ দাবি করেন, তাঁদের কারখানা থেকে যে তরল বর্জ্য করতোয়ায় ফেলা হয়, তাতে ক্ষতিকর কিছু নেই।
Prothom Alo

No comments:

Post a Comment