Wednesday, April 2, 2014

হতদরিদ্রদের নামে ঋণ তুলে লোপাট ক্ষতিগ্রস্ত নারীদের বিক্ষোভ তদন্ত কমিটি গঠন

হতদরিদ্রদের নামে ঋণ তুলে লোপাট

ক্ষতিগ্রস্ত নারীদের বিক্ষোভ তদন্ত কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি | আপডেট: ০১:৪১, এপ্রিল ০৩, ২০১৪ 

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির সোনালী ব্যাংক থেকে দেড় শতাধিক হতদরিদ্র নারীর নামে ঋণ তুলে লোপাটের ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগী নারীরা চিলাহাটি বাজারে বিক্ষোভ করেছেন। পরে তাঁরা ব্যাংকের ব্যবস্থাপকের কাছে দায়মুক্তির জন্য গণ-আবেদন করেন। এদিকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
সোনালী ব্যাংক চিলাহাটি শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান বলেন, ‘গতকাল এ রকম ১২০টি আবেদন পেয়েছি। সেগুলো পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’ তিনি বলেন, পত্রিকায় এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর সোনালী ব্যাংকের দুজন ও স্বনির্ভরের তিনজন কর্মকর্তাকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোনালী ব্যাংক নীলফামারী জোনাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোস্তফা কামালকে প্রধান করে গঠিত ওই কমিটি কাজ শুরু করেছে।
সোনালী ব্যাংকের চিলাহাটি শাখা এবং বেসরকারি সংস্থা (এনজিও) স্বনির্ভর বাংলাদেশের যৌথ পরিচালনায় ১৯৯৮ সাল থেকে ওই ঋণ কর্মসূচি চলছে।
আবেদনকারী নারীদের মধ্যে কেতকীবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের অলিয়ার রহমানের স্ত্রী তনজিনা বেগম (৫৫) অভিযোগ করে বলেন, ‘গত রমজান মাসে স্বনির্ভরের কর্মকর্তা ওমর ফারুক ওরফে কাজলের যোগসাজশে এই প্রতারণা করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন সময় দেড় শতাধিক হতদরিদ্র নারীকে প্রলোভন দেখিয়ে কাগজে সই ও ছবি নিয়ে তাঁদের প্রত্যেকের নামে সোনালী ব্যাংক চিলাহাটি শাখা থেকে ঋণের ২৫ থেকে ৩৫ হাজার টাকা তোলা হয়েছে। আর তাঁদের হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দেওয়া হয়েছে। এ জন্য আমরা প্রতারণার শিকার হওয়া নারীরা ভুয়া দায়দেনা থেকে মুক্তির জন্য আবেদন করেছি।’
গত ২২ মার্চ প্রথম আলোয় ‘হতদরিদ্র নারীদের নামে ঋণ তুলে লোপাট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
Prothom Alo

No comments:

Post a Comment