Tuesday, April 1, 2014

সংসদে খালেদা-তারেকের সমালোচনা তাঁরা ইতিহাস বিকৃতির ‘তালুকদারি’ নিয়েছেন


সংসদে খালেদা-তারেকের সমালোচনা

তাঁরা ইতিহাস বিকৃতির ‘তালুকদারি’ নিয়েছেন


জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি বলায় আজ মঙ্গলবারও সংসদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের সমালোচনা করেছেন সরকার দলীয় সাংসদেরা। তাঁদের দাবি, তারেক রহমান লন্ডনে বসে ইতিহাস বিকৃতির যে ‘তালুকদারি’ নিয়েছেন, জনগণ তা গ্রহণ করে না।
সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় দুজন সাংসদ খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর সমালোচনা করেন। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কে প্রথম রাষ্ট্রপতি, তা নিয়ে তিনি (খালেদা জিয়া) ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করছেন। খালেদা জিয়া মহানায়কের জায়গায় খলনায়ককে প্রতিস্থাপনের চেষ্টা করছেন। তারেক রহমান লন্ডনে বসে ইতিহাস বিকৃতির যে তালুকদারি নিয়েছেন, জনগণ তা গ্রহণ করে না। হত্যা ও দুর্নীতির কারণে তিনি মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। খুনির মা সন্তানকে সমর্থন করছেন।’
তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, ‘শীর্ষ দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তাঁর দুই পুত্রসহ জিয়া পরিবারের সদস্যের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোকে আরও বেগবান করতে হবে।’
তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, ‘জামায়াত-হেফাজতের ইমামদের পেছনে নামাজ পড়া জায়েজ হবে না। তাই কোনো মসজিদে যেন জামায়াত-হেফাজতের কেউ ইমাম থাকতে না পারে, ধর্ম মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। তিনি ভারতকে ট্রানজিট দেওয়ার দাবি জানান।’
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় আরও অংশ নেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম, ইয়াহিয়া চৌধুরী, তালুকদার মো. ইউনুস, রহিম উল্লাহ, নাসিমা ফেরদৌসি, পিনু খান প্রমুখ।

No comments:

Post a Comment